ব্যাটাররা মন জয় করতে পারেননি সিডন্সের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনটি ভালো যায়নি বাংলাদেশ দলের। আগে ব্যাট করে মাত্র ২৩৪ রানে গুটিয়ে গেছে টাইগাররা। জবাবে খেলতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছে ক্যারিবীয়রা। যে কারণে ব্যাটিং নিয়ে হতাশার কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।

প্রথম টেস্টের তুলনায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে টাইগার ব্যাটাররা ধৈর্যের পরিচয় দিয়েছেন বলে মনে করেন তিনি। সেই সঙ্গে গত কিছুদিনের বল ছেড়ে খেলার অনুশীলন বাংলাদেশের ব্যাটাররা অনেকাংশেই কাজে লাগাতে পারলেও ২৩৪ রান যথেষ্ট মনে হচ্ছে না সিডন্সের কাছে।

এ প্রসঙ্গে তিনি বলেন,”আমার মনে হয়, আজ আমরা কিছুটা ধৈর্যের পরিচয় দিয়েছি। এক সপ্তাহ ধরে বল ছেড়ে খেলা নিয়ে কাজ করছি, সেটাতে কিছুটা সফল হয়েছি। তারা (ক্যারিবীয়রা) সত্যিই দারুণ বোলিং করেছে। আমরা যতক্ষণ ব্যাট করতে চেয়েছিলাম, ততক্ষণ ব্যাট করতে পারিনি। এই উইকেটে ২৩০ রান যথেষ্ট নয়।”

টেস্টে লম্বা সময় ব্যাটিং করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা মনে করিয়ে দিয়ে সিডন্স বলেন,”লম্বা সময় ধরে ব্যাট করতে হবে আমাদের। টেস্ট ক্রিকেটে আপনাকে লম্বা সময় ধরে ব্যাট করতে হবে। দিনের শেষ পর্যন্ত উইকেটে থাকতে হবে, এরপর পরের দিনও ব্যাট করতে হবে। এই মুহূর্ত আমরা এই কাজটাই করতে পারছি না।”

তামিম ইকবাল-লিটন দাসদের কাছে সিডন্সের প্রত্যাশা আরও বেশি। তাদের আরও বড় ইনিংস খেলার পরামর্শ দিয়েছেন সিডন্স।

তিনি বলেন,”তামিম-লিটন ভালো খেলছিল। তবে ৫০-৪০ রানের ইনিংস দলকে পর্যাপ্ত স্কোর এনে দেবে না। তাই শুরুটা পেয়ে গেলে এমন মানের খেলোয়াড়দের আরো বড় ইনিংস খেলা দরকার।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »