ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিলেন তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ব্যাটারদের ব্যর্থতায় সেন্ট লুসিয়া টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৩৪ রান। এই ম্যাচেও দলকে ভালো শুরু এনে দিতে পারেননি বাংলাদেশের ওপেনাররা। এদিন বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৪১ রানে। মাহমুদুল হাসান জয় ১০ রান করে ফিরলেও তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৪৬ রানের ইনিংস।

তাই প্রথম দিন শেষে ব্যর্থতার দায়টা নিজের কাঁধেই নিয়েছেন তামিম। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে না পারায় হতাশ এই টাইগার ওপেনার।

এ প্রসঙ্গে তামিম বলেন,”টেস্ট ক্রিকেটে এরকম শুরু পেয়ে গেলে সাধারণত আমার ইনিংসগুলো বড় হয়। দুর্ভাগ্যজনক যে বড় করতে পারিনি। আজকের বলটি আমি ছেড়ে দিতে পারতাম। তবে বলটি যতটা ওঠার কথা নয়, তার চেয়ে বেশি উঠেছে। এজন্য ব্যাটের স্টিকারে লাগে।”

দলের ব্যাটিং ধসের জন্য অবশ্য তামিম কোনো অজুহাত দিচ্ছেন না। তিনি মনে করেন দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে ইনিংস বড় করার প্রয়োজন ছিল তার। যা ঠিক মতো তিনি করতে পারেননি। ফলে কিছুটা আক্ষেপ করেছেন এই ওপেনার।

তামিম বলেন,”আমি ওরকম নই যে এখানে এসে বলব ‘এ কারণে হয়নি, ও কারণে হয়নি।’ আমার কাছে মনে হয়, যখন আমি শুরুটা পাচ্ছি, দলের সিনিয়র সদস্য হিসেবে, বড় করা উচিত ছিল। এখানে কোনো অজুহাত নেই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »