নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে গতকাল শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচেই ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। যদিও এই সিরিজে নেই অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। এছাড়া সিরিজ শুরুর আগে ছিটকে গেছেন আরেক ওপেনার লোকেশ রাহুলও।
যদিও ওপেনিংয়ে গতকাল প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কিশান খেলেছেন ৪৮ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস। এমন ইনিংস খেলার পরও রোহিত-রাহুলরা ফিরলে তাকে একাদশের বাইরে চলে যেতে হবে সেটা স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছেন কিশান।
এ প্রসঙ্গে তিনি বলেন,”আমার মনে হয় তারা (রোহিত শর্মা ও লোকেশ রাহুল) বিশ্ব মানের তারকা। তারা যখন দলে থাকবে তখন আমি চাইতে পারি না। আমার কাজ হচ্ছে অনুশীলনে সেরাটা দেয়া। যখনই সুযোগ আসবে তা কাজে লাগানো। আমি নিজের কাজে মনোযোগ রাখছি।”
রোহিত-রাহুলরা যেমন লম্বা সময় ধরে খেলছেন ভারতের হয়ে, তেমনি সেই তুলনায় একদমই তরুণ কিশান। সেই সঙ্গে সুযোগ পেলে নিজেকে মেলে ধরার প্রস্তুতি নিয়ে রাখবে বলেও জানিয়েছেন কিশান।
তার ভাষ্য,”তারা অনেক কিছু করেছে। দেশের হয়ে অনেক অনেক রান করেছে। আমি তাদের বলতে পারি না তাদের বাদ দিয়ে আমাকে প্রথম জায়গায় খেলাতে। হ্যাঁ আমি আমার কাজটা করে রাখতে পারি। বাকিটা নির্বাচকদের বিষয়। তারা যখনই মনে করবেন আমাদের সুযোগ দেওয়া দরকার আমি আমার সেরাটা দিব।”
