নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নানা ভাবে বৈঠক করে টি-টোয়েন্টিতে তামিম ইকবালকে ফেরানোর চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সব চেষ্টা করেও ফেরানো যায়নি বাঁহাতি এই ওপেনারকে। বরং টি-টোয়েন্টি থেকে আরও ৬ মাসের বিরতির কথা জানিয়েছিলেন তামিম।
বিরতি নেয়ার সময় তামিম নিশ্চিত করেছিলেন ৬ মাস টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে আর ভাববেন না। অথচ সেই ঘোষণার ৪ মাস পর এসে তামিমের দাবি, টি-টোয়েন্টি নিয়ে পরিকল্পনা জানানোর সুযোগই দেয়া হয় না তাকে।
এ প্রসঙ্গে তামিম বলেন,”টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, না হয় অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক (হাসি)। আমার তো বলার সুযোগ দেওয়া হয় না। এটা এতদিন ধরে আমি ক্রিকেট খেলি এতটুক আমি ডিজার্ভ করি,আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধরনা দিয়ে দেন, বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় তখন আমার এখানে কিছু বলার নেই।”
