নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মুমিনুল হক। এরপরই আলোচনার জন্ম সাদা পোশাকের নেতৃত্ব কার কাঁধে ওঠছে। সাকিব আল হাসান এবং লিটন দাসের সঙ্গে এই আলোচনায় ছিল মেহেদি হাসান মিরাজের নামও। যদিও শেষ পর্যন্ত সাকিব অধিনায়কত্ব পেয়েছেন তারপরেও খুশি মিরাজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের মতে, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার নেতৃত্বে থাকা দলের জন্য গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ টেস্ট দলে বর্তমানে যে কয়জন নিয়মিত ক্রিকেটার আছেন তাদের মধ্যে অভিজ্ঞ একজন সাকিব। সে নেতৃত্ব পাওয়াই তার থেকে জুনিয়র ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে এমনটাই বিশ্বাস করেন মিরাজ। তাছাড়া দলের এমন অবস্থার মধ্যে সাকিবের মতো কাউকে নেতা হিসেবে পাওয়াটা বড় ব্যাপার।
মিরাজ বলেন,”সাকিব ভাই যেখানে আছে, সেখানে কীভাবে কী? সাকিব ভাই তো বাংলাদেশকে অনেক দিন নেতৃত্ব দিয়েছে। সাকিব ভাই অভিজ্ঞ খেলোয়াড়। বর্তমানে আমাদের দলের অবস্থা অনুযায়ী, আমি মনে করি সাকিব ভাই সেরা। আরও যারা সিনিয়র আছেন, তাদেরও দায়িত্ব নেয়াটা গুরুত্বপূর্ণ। আমরা এখন আস্তে আস্তে খেলছি, তাদের দেখে শিখছি। তাদের দেখে শিখব, আমাদের অভিজ্ঞতা আরও ভালো হবে।”
জাতীয় দলের হয়ে বেশ কয়েক বছর ধরেই নিয়মিত খেলছেন মিরাজ। যার মধ্যে সাদা পোশাকের ক্রিকেটে দলে একপ্রকার জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছেন মিনাজ। তবে নেতৃত্ব নিয়ে এখনই ভাবতে নারাজ এই স্পিন বোলিং অলরাউন্ডার।
মিরাজ বলেন,”অনেক সময় আছে। এটা (নেতৃত্ব) নিয়ে আমি চিন্তিত না। যেটা আপনি বললেন, নাম আছে। এটা নিয়ে মাথাব্যথা নেই। মাথাব্যথা হলো কিভাবে পারফর্ম করতে হবে, দেশকে কিভাবে ভালো খেলে এগিয়ে নিতে হবে। আমি এটাই চেষ্টা করি সবসময় যে, নিজে প্রতিনিয়ত পারফর্ম করার জন্য।”
