আত্মবিশ্বাস দিয়ে আবার ফিরেছিঃ তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তাসকিন আহমেদের ক্যারিয়ারে জোয়ার ভাটা সবই ছিল। চাইলেই দুইভাগে ভাগ করা যায়। কেননা ২০২১ সালের আগের তিন বছর কঠিন সময় পার করেছেন এই পেসার। এই সময়ে দলে নিজের জায়গা হারালেও আত্মবিশ্বাস ছিল তার, আর এ কারণেই আবারও ফিরতে পেরেছেন এমনটাই মনে করেন তাসকিন। ক্যারিয়ারের সামনের দিনগুলোতেও এমন ভাবে নিজের উপর বিশ্বাস রাখতে চান তিনি।

চোট আর ফর্মহীনতার ধারাবাহিকতায় ২০১৭ সালের শেষের দিকে ছিটকে যান জাতীয় দল থেকে। দল থেকে বাদ পড়ার পরও তিনি দমে যাননি, বরং নিজেকে ভেঙ্গে নতুন করে গড়েছেন। ফিটনেসে উন্নতির পাশাপাশি বোলিংয়ে গতি বাড়িয়েছেন। এরপর দীর্ঘ সাড়ে তিন বছর পর ২০২১ সালের জানুয়ারীতে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরে নিজেকে নতুন রূপে চিনিয়েছেন তিনি। এরপর টেস্টে আর টি-টোয়েন্টিতেও ধারাবাহিক হয়েছেন। মাঝে খারাপ সময়ে দল তার ওপর আস্থা রাখেনি কিন্তু তার বিশ্বাস ছিল তিনি ফিরবেন এবং সেটা করে দেখিয়েছেন।

তাসকিন বলেন,”টেস্ট ক্রিকেট অনেক স্পেশাল খেলা, এটা সব থেকে কঠিন সংস্করণ। বাকি সবাই গোনায় (মূল্যায়ন) না ধরলেও, যেদিন নিজেই নিজেকে গোনায় ধরা বন্ধ করে দিব, সেদিন সব শেষ হয়ে যাবে। সব কিছু যুক্তি দিয়ে তো হয় না। নিজের আত্মবিশ্বাস থাকলে অনেক কিছুই সম্ভব হয়ে যায়।”

বর্তমান সময়ে তিন সংস্করণেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তাসকিন। দুই বলের ক্রিকেটেই লম্বা সময় দলকে সার্ভিস দিতে চান ২৮ বছর বয়সী এই পেসার। তবে বোর্ড যদি তার খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেটাও মেনে নিতে রাজি এই ডানহাতি পেসার।

তাসকিন বলেন,”না, আসলে এরকম কোনো চিন্তা-ভাবনা করিনি। আমি এখনও তরুণ। আমি যখন আরও সিনিয়র হব, যখন অনেক চাপ পরবে, তখন বোর্ড সিদ্ধান্ত নেবে কোনটা খেলতে হবে বা কোনটা খেলতে হবে না। ব্যাক্তিগতভাবে আমি তিন সংস্করণেই খেলতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »