নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান কাইরন পোলার্ড। এরপর সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হন নিকোলাস পুরান। যদিও স্থলাভিষিক্ত হয়ে এখনো কোন ম্যাচ খেলেন নি।
আজ মঙ্গলবার (৩১ মে) আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন পুরান। সিরিজ শুরুর আগে বাঁহাতি এই ব্যাটার জানিয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিতে নিজের সেরাটা দিতে চান তিনি।
এ প্রসঙ্গে পুরান বলেন,”আমি খুব প্রেরণাদায়ী। মাঠে আমার যা মনে হয়, সেই সিদ্ধান্ত নেই। আমার সতীর্থরা জানে আমি কতটা প্রেরণাদায়ী যখন ভালো ব্যাটিং করি। অধিনায়ক হিসেবেও আমি একই পথ অনুসরণ করবো। আমি দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার চেষ্টা করবো।”
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত মুখ জেসন হোল্ডার, এভিন লুইস, শিমরন হেটমায়ারের মতো তারকা ক্রিকেটাররা। তাদের অবর্তমানে সুযোগ দেয়া হয়েছে কাইল মায়ার্স, আকিল হোসেন, ব্রেন্ডন কিংয়ের মতো তরুণ প্রতিভাবানরা। পুরান মনে করেন তারা এই সুযোগ কাজে লাগাবেন।
পুরানের ভাষ্য,”ক্যারিয়ারের একটা পর্যায়ে প্রত্যেকেই একটি সুযোগ প্রত্যাশা করে এবং এটা খুবই ভালো বিষয় যে তরুণ খেলোয়াড়রা এই মুহূর্তে সুযোগ পাচ্ছে। প্রতিভা প্রমাণের জন্য এটা তাদের জন্য দারুণ সুযোগ এবং তাদের চেষ্টা করতে হবে সুযোগ কাজে লাগিয়ে দলে জায়গা ধরে রাখা।”
