নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে তুললেন রজত পতিদার। দলে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, জস হ্যাজেলউডদের মত তারকার ভিড়ে আলো ছড়ালেন তিনি। দারুণ এই সেঞ্চুরি করার পরে মন ছুঁয়েছে কোহলির।
তিন নম্বরে ব্যাট করতে নেমে রজত খেললেন ৫৪ বলে অপরাজিত ১১২ রানের বিধ্বংসী এক ইনিংস। যে ইনিংসে ছিল ১২টি চার ও সাতটি ছক্কার মার। চার উইকেটে ২০৭ রান তোলে বেঙ্গালুরু। জবাবে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯৩ রান করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পেয়ে যায় বেঙ্গালুরু।
ম্যাচ শেষে রজতের এই ইনিংস প্রসঙ্গে কোহলি বলেন,”ম্যাচ শেষে তাকে বলেছি যে আমি অনেক গুরুত্বপূর্ণ ইনিংস দেখেছি, অনেক বছর ধরে অনেক চাপের মধ্যে খেলেছি। তবে রজতের চাইতে ভালো খেলতে আমি খুবই কম দেখেছি। আজ চাপ ছিল অনেক, বড় ম্যাচ চলছিল। সে যা করে তা সত্যিই অসাধারণ। এটাকে অনুমেয় বলার কোনও সুযোগ নেই। এই ইনিংসের মহত্ত্ব বোঝা জরুরী। এমন ইনিংসকে আপনি অবশ্যই কৃতিত্ব দিতে চাইবেন। জাতীয় দলে অভিষেক না হওয়া ক্রিকেটার হিসেবে সে অসাধারণ খেলেছে।”
