নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মৌসুম নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন কেন উইলিয়ামসন। কেননা অফফর্মের চূড়ান্ত রূপ দেখে ফেলেছেন হায়দরাবাদের এই অধিনায়ক। যার কারণে দারুণ হতাশ তিনি। আইপিএল নিয়ে উইলিয়ামসনের হতাশার কথা জানিয়েছেন তারই জাতীয় দলের কোচ গ্যারি স্টেড। একইসঙ্গে স্টেডের প্রত্যাশা, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন লাল বলের সিরিজে ছন্দে ফিরবেন উইলিয়ামসন।
এবারের আসরে ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারেননি উইলিয়ামসন। ১৩ ম্যাচে প্রায় ২০ গড়ে ২১৬ রান করেছেন তিনি। যেখান তার স্ট্রাইকরেট টি-টোয়েন্টিতে একেবারেই বেমানান। মাত্র ৯৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি! তবে অধিনায়ক হিসেবে তিনি প্রশংসা কুড়িয়েছেন। সামনের মাসেই ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলবেন উইলিয়ামসন।
জাতীয় দলের ক্যাম্পে উইলিয়ামসন যোগ দেয়ার আগেই স্টেড বলে,”সে (উইলিয়ামসন) কিছুটা হতাশ। কেননা আইপিএলে সে রান করতে চেয়েও পারেনি। সেরা খেলোয়াড়দের এমন অফফর্মে যেতে আপনি কমই দেখবেন।যতটা আপনি হয়তো তার ক্ষেত্রে দেখেছেন। তবে আমাদের বুঝতে হবে সে এখন লাল বলের ক্রিকেট খেলবে। এখানে সে নিজের খেলাটা বুঝতে পারবে। নিজের টেম্পারমেন্টের দিকেও নজর দিতে পারবে।”
