মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ কার্তিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সুযোগ পেয়ে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডানহাতি ব্যাটার মুশফিকুর রহিম। এমন অর্জনের দিনে মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।

মাইলফলকের সামনে থাকলেও আজ খানিকটা ধীরগতিতেই ব্যাটিং করেছেন ডানহাতি এই ব্যাটার। আসিথা ফার্নান্দোর বলে দুই রান নিয়ে ৫ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান করতে ১৩৯ ইনিংস লেগেছে তার। মুশফিকের জন্য এটি দারুণ অর্জন বলে জানিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার।

এ প্রসঙ্গে কার্তিক বলেন,”যেকোনো ব্যাটারের জন্য ৫ হাজার টেস্ট রান দারুণ অর্জন এবং সে যা অর্জন করেছে তা দুর্দান্ত। আপনি যখন পতাকাবাহী অথবা মশালবাহী কিংবা প্রথমে কিছু করেন তখন সর্বদা আপনাকে সম্মানের সঙ্গে দেখা হয়। এটি মুশফিকুর রহিমের ক্ষেত্রেও।”

ঘরের মাঠে কিংবা বিদেশের মাটিতে, বরাবরই বাংলাদেশের ব্যাটিং ইউনিটের আস্থার নাম মুশফিক। বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে রান করা মুশফিককে বিশ্বের অনেক তরুণ অনুসরণ করার চেষ্টা করেন বলে মনে করেন কার্তিক।

কার্তিক বলেন,”বিশ্বের অনেক তরুণ ক্রিকেটার তাকে অনুসরণ করার চেষ্টা করে এবং একজন খেলোয়াড় হিসেবে তাকে সত্যিই উপভোগ করে। সে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে ধারাবাহিকভাবে রান করেছে।’ ‘সে দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দিয়েছে এবং তার ঝুলিতে প্রাপ্তি আছে। আমার মনে হয় সে নিজেকে নিয়ে গর্বিত হতে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »