নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাগরিকায় সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিন শেষে, তামিমের দুর্দান্ত সেঞ্চুরি, এবং জয়-মুশফিক ও লিটনের অর্ধশতকের উপর ভর করে, তৃতীয় দিন শেষেও ম্যাচের লাগাম টাইগারদের হাতে।
আগের দিনের ৭৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন অপরাজিত দুই ব্যাটার তামিম ও জয়।তৃতীয় দিনের শুরুতে স্কোরবোর্ডে আরো ৮৬ রান যোগ করে, দলীয় ১৬২ রানে জয়ের বিদায়ে ভাঙ্গে উদ্বোধনী এই জুটি। আসিথা ফার্নান্দোর বলে ডিকওয়ালার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে, নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক (৫৮) তুলে নেন জয়।
জয়ের বিদায়ের পর মাত্র ২২ রানের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত (১) ও অধিনায়ক মমিনুলের (১) উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
শান্ত-মমিনুলের বিদায়ের পর, অভিজ্ঞ মুশফিককে সঙ্গে নিয়ে দারুণ ভাবেই প্রাথমিক বিপর্যয় সামাল দেন দেশসেরা ওপেনার তামিম।লঙ্কান বোলারদের নাকানিচুাবানী খাইয়ে, চোখধাঁধানো সব শটসে মনোমুগ্ধকর সেঞ্চুরি হাকান তামিম। প্রায় সাড়ে তিন বছর পর সাদা পোশাকে সেঞ্চুরির খরা কাটিয়েছেন নিজ শহরে। মুশফিককে সঙ্গে নিয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা তামিম এগিয়ে যাচ্ছিলেন দেড়শো ঘরে। তামিমের এই ব্যাটিং ছন্দে ছেঁদ পড়ে ইনিংসের দ্বিতীয় সেশনে হাতের পেশির চোটে! পেশির তীব্র ব্যথা নিয়েও দ্বিতীয় সেশন মাঠে কাটিয়ে দেন তামিম। ১৩৩* রানে অপরাজিত থেকে চা বিরতিতে গিয়ে তৃতীয় সেশনে আর মাঠে নামা হয়নি তামিমের। রিটায়ার্ড হার্ট হয়ে তামিম বিশ্রামে গেলে, তার জায়গায় ব্যাট করতে উইকেটে আসেন লিটন।
এরপর লিটন-মুশফিকের দুর্দান্ত জুটিতে দারুণ ভাবে এগুতে থাকে দল। তৃতীয় সেশনে এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে, এই সেশনে কোন উইকেট না হারিয়েই ৩১৮ রানে দিন শেষ করে বাংলাদেশ। মুশফিক (৫৩*) ও লিটন (৫৪*) দু’জনই তুলে নেন অর্ধশতক।
যার ফলে তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩১৮ রান। এখনো সফরকারীদের তুলনায় বাংলাদেশ পিছিয়ে আছে ৭৯ রানে।
লঙ্কানদের হয়ে বল হাতে কাশুন রাজিথা দুটো ও আসিথা ফার্নান্দোর শিকার একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ (তৃতীয় দিন শেষে)
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ৩৯৭-১০ (১৫৩ ওভার)
ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬
নাঈম: ৩০-৪-১০৫-৬
বাংলাদেশ (প্রথম ইনিংস): ৩১৮-৩(১০৭ ওভার)
তামিম ১৩৩*, জয় ৫৮, লিটন ৫৪*, মুশফিক ৫৩*
