নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ নারী বিশ্বকাপে মেয়ের সাথে একই ড্রেসিরুম ভাগাভাগি করে নেওয়ার সুযোগ হয়েছিল পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফের। আসন্ন কমনওয়েলথ গেমসেও মেয়েকে কাছে রাখতে চেয়েছিলেন বিসমাহ। কিন্তু শেষ অব্দি আয়োজকদের অনুমতি না পাওয়ায় মেয়েকে হোটেল রুমে রেখেই মাঠে নামতে হবে পাকিস্তানি কাপ্তানকে।
ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন কমনওয়েলথ গেমসে মেয়ে ফাতিমাকে নিজের সঙ্গে রাখতে বাড়তি দুটো অ্যাক্রিডিটেশন কার্ডের প্রয়োজন ছিল বিসমাহর। সেই অনুযায়ী দুটো অ্যাক্রিডিটেশন কার্ড চেয়েছিলেন আয়োজকদের কাছে। কিন্তু আয়োজকরা সেটি দিতে অস্বীকৃতি জানালে,মেয়েকে গেম ভিলেজ এর বাইরে রেখে মাঠে নামতে হবে বিসমাহকে।
এই ব্যাপারে আয়োজকরা জানান, বাড়তি কোন
অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে না, যদি তাদের অন্তভূক্ত করতে চায় সেইক্ষেত্রে ২২ জনের বহর থেকে দু’জনকে বাদ দিয়ে তাদের নিতে পারবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির পক্ষে সেই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব না হওয়ায় মেয়েকে বিশ্বকাপের মতো সঙ্গে পাচ্ছেন না বিসমাহ।
মেয়ে ফাতিমাকে ড্রেসিংরুমে নিজের সাথে রাখার অনুমতি না পেলেও মেয়েকে নিয়েই ইংল্যান্ড যাবেন বিসমাহ। বিসমাহ যখন দেশকে নেতৃত্ব দিতে বাইশ গজে লড়বেন, তখন নানীর সঙ্গে গেম ভিলেজের বাইরের কোন হোটেলে বসে টিভির পর্দায় মায়ের খেলা দেখবেন ফাতিমা।
