নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কলকাতার হয়ে শেষ কয়েক আসর ধরে টানা খেলছেন প্যাট কামিন্স। এই সময়ে ধারবাহিকভাবে পারফর্মও করেছেন তিনি। কিন্তু দল হিসেবে বড় কোনো সাফল্য পায়নি কলকাতা। দলকে এখনও তার অনেক কিছু দেয়ার বাকি আছে বলে মনে করেন এই অজি পেসার।
আইপিএলের গত আসরের প্রথম পর্বে খেলেছিলেন কামিন্স। এরপর আরব আমিরাত পর্বে ব্যাক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম সরিয়ে নেন এই পেসার। গত আসরে ভালো পারফর্ম করলেও এবারের আসরের আগে অনুষ্ঠিত মেগা নিলামে কামিন্সকে ধরে রাখেনি কলকাতা। তবে নিলাম থেকে আবারও দলে নেয় কলকাতা। নিজের পুরোনো দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত এই অজি তারকা।
কামিন্স বলেন,”এটা আমার পঞ্চম আসর। আমি মনে করি যে, এখনও (কলকাতাকে) আমার অনেক কিছু দেয়ার বাকি আছে কারণ আমি গত মৌসুমের মাঝপথে চলে গিয়েছিলাম এবং দ্বিতীয় পর্বে খেলতে পারিনি।”
মেগা নিলামের আগে মাত্র চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে কলকাতায় বেশ কিছু পুরোনো সতীর্থ এবং কোচিং স্টাফকে পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন কামিন্স।
তিনি বলেন,”আপনি (দলের সঙ্গে) ভালো সম্পর্ক গড়ে তুলবেন, এরপর দেখবেন মেগা নিলাম চলে আসবে। একই দলে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত। আগের অনেক ক্রিকেটার এবং কোচিং স্টাফও আছেন, তাদের পেয়ে আমি খুশি।”
