নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক ঝামেলার পর বর্ণবৈষম্যের অভিযোগ থেকে মুক্তি পেলেন মার্ক বাউচার। চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার এই প্রধান কোচের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগের তদন্ত শুরু হয়। অবশেষে তিন মাস পর সেই অভিযোগ থেকে রেহাই পেলেন তিনি।
গত বছর বাউচারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ আনেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার পল অ্যাডামস। তিনি জানিয়েছিলেন, জাতীয় দলে যে ক্রিকেটাররা ‘brown sh*t’ বলে ডাকতেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন বাউচার। সেই সঙ্গে সাবেক সহকারী কোচ এনোক এনকোউইও বাউচারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনেছিলেন। এমন অভিযোগ অবশ্য বাউচার অস্বীকার করেছিলেন। এবার তাকে দুটি অভিযোগ থেকেই রেহাই দিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এর ফলেই তার বিরুদ্ধে সকল ডিসিপ্লিনারি চার্জ তুলে নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর স্বস্তি নিয়ে বাউচার বলেছেন,”গত কয়েক মাস আমার ও পরিবারের জন্য সত্যিই খুব কঠিন সময় ছিল। শেষ পর্যন্ত এটা শেষ হয়েছে ভেবে ভালো লাগছে। আমার বিরুদ্ধে তোলা অভিযোগ যে ধোপে টেকার নয়, মেনে নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমি এখন আমার কাজে পূর্ণ মনোযোগ দিতে পারব।”
