নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে হার্ড হিটার ব্যাটারদের মধ্যে অন্যতম বড় নাম আন্দ্রে রাসেল। কেননা ক্রিকেট মাঠে ব্যাটে-বলে ঠিকমতো টাইমিং না করেও বড় ছক্কা হাঁকাতে পারেন রাসেল। মূলত মাসেল পাওয়ার ব্যবহার করে এমন শট খেলেন এই ক্যারিবিয়ান। তারমতো অতটা মাসেল পাওয়ার নেই ঋষভ পান্তের, তবে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে পারেন তিনি। পান্তকে এবার রাসেলের মতো আগ্রাসী ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালিসকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি দলের ব্যাটিং লাইনআপেরও বড় ভরসার নাম পান্ত। এই উইকেটরক্ষক-ব্যাটার দলের প্রয়োজন বুঝে ব্যাটিং করতে পারেন। বড় ইনিংস যেমন খেলতে পারেন, তেমনি দ্রুত রান তোলারও সামর্থ্য আছে তার। মূলত টপ অর্ডারে ব্যাটিং করেন বলেই বেশিরভাগ সময় পান্তের কাছে লম্বা ইনিংস প্রত্যাশা করে দল। তবে শুরু থেকেই বড় শট খেলতে তাকে পরামর্শ দিয়েছেন শাস্ত্রী।
ভারতের সাবেক এই প্রধান কোচ বলেন,”আমি মনে করি, একবার যখন সে (পান্ত) নিজের মতো খেলা শুরু করে তখন তা পরিবর্তন করা উচিত না, ক্রিকেটের এই সংস্করণে (টি-টোয়েন্টিতে) রাসেলের মতো করে ব্যাটিং করা উচিত।”
টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটে সেট হওয়ার জন্য একজন ব্যাটার খুব বেশি সময় পান না। এমনকি শুরু থেকেই রান তোলার দিকে মনযোগ রাখতে হয়। শাস্ত্রী মনে করেন, বোলার কে তা না দেখে, রান করার দিকে মনযোগী হওয়া জরুরি।
তিনি বলেন,”বেশি কিছু চিন্তা না করে, রান করার দিকে আপনার নজর রাখতে হবে। বোলার কে, তা দেখার দরকার নেই, যদি বাজে বল হয় তাহলে শট খেলুন।”
