নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের এবারের মৌসুমে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাইয়ের বর্তমান দলে ধোনির যোগ্য উত্তরসূরি নেই বলে মনে করেন অজি ক্রিকেটার ব্র্যাড হগ।
চেন্নাইয়ের সঙ্গে যেকোনো সময়েই ধোনির পথচলার সমাপ্তি ঘটতে পারে। সেক্ষেত্রে নতুন অধিনায়ক খুঁজে পেতে কষ্ট করতে হবে চেন্নাইকে, এমনটাই বিশ্বাস হগের। আইপিএলের আগামী আসরের নিলামে অধিনায়ক খুঁজতে হবে চেন্নাইকে, এমনটাও অনুমান করছেন অস্ট্রেলিয়ার সাবেক এই স্পিনার।
হগ বলেন,”এখন হয়তো ধোনি আবার দায়িত্ব নিলেন। কিন্তু মৌসুম শেষে তার বদলি কে হবে? চেন্নাইতে আমি এমন কাউকে দেখি না যে ধোনির বদলি হবে এবং দারুণভাবে নেতৃত্ব দেবে। চেন্নাইকে পরের আসরের নিলামে অধিনায়ক খুঁজতে হবে। সেক্ষেত্রে ভারতীয়দের মধ্যে কাউকে পাওয়া খুব কঠিন হবে কেননা ভালো ভালো অধিনায়করা ইতোমধ্যেই কোনো না কোনো দলে চলে গিয়েছে। তখন তাদের বিদেশি কোনো ক্রিকেটার খুঁজে আনতে হবে। এটাও কঠিন হবে কেননা চেন্নাইয়ের নিজস্ব পরিকল্পনার সঙ্গে সেই অধিনায়ককে খাপ খাইয়ে নিতে হবে।”
