নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বছরখানেক ধরে টেস্ট ক্রিকেটে নিজেদের হারিয়ে খুঁজছে ইংল্যান্ড। যে কারণে দলীয় ব্যর্থতার দায় মাথায় নিয়েই সম্প্রতি নেতৃত্ব ছেড়ে দেন জো রুট। ফলে লাল বলে ইংলিশদের নেতৃত্বভার ওঠে বেন স্টোকসের কাঁধে।
কঠিন সময়ে দায়িত্ব পাওয়া বেন স্টোকসের জন্য বড় চ্যালেঞ্জ।ঘুরে দাঁড়াতে ইংলিশ এই অলরাউন্ডারের চাওয়া এমন সব ক্রিকেটারদের, যারা মাঠে দলকে সাহায্য করতে সর্বোচ্চটা উজাড় করে দেবে, সঠিক সিদ্ধান্তগুলো নেবে।
অধিনায়কত্ব পেয়ে রোমাঞ্চিত স্টেকস। এই অলরাউন্ডার বললেন, অতীত ভুলে শুধু সামনে তাকাতে চান তিনি।
স্টোকস বলেন,”আমার জন্য রোমাঞ্চকর মুহূর্ত এটি, একই সঙ্গে চ্যালেঞ্জও, বিশেষ করে গত কয়েকটা বছর যেভাবে কেটেছে। তবে আমার ভাবনা অতীতে যা চলে গেছে সেদিকে নজর দেওয়া নয়, সামনে যা আসছে সেদিকে মনোযোগ দেওয়া। অবশ্যই সেটির শুরুটা এখন, এরপর শুরু হবে লর্ডসে।”
ইংল্যান্ডের নতুন ব্যবস্থাপনা পরিচালক রবার্ট কি-র কাছ থেকে অধিনায়ক হওয়ার প্রস্তাব পেয়ে কিছুটা সময় নিলেও দায়িত্ব নিতে মনে কোনো দ্বিধা ছিল না বলে দাবি করলেন স্টোকস।
স্টোকস বলেন,”অবশ্যই কিছুটা বিবেচনা করার বিষয় এটি। কারণ, এটি এমন দায়িত্ব নয় যে শুধু ‘হ্যাঁ’ বললেই হয়ে যায়। এই দায়িত্বের সঙ্গে খুঁটিনাটি সব বিষয় নিয়ে ভাবতে হয়। তবে আমার খুব বেশি সময় লাগেনি। আর এটি প্রত্যাখ্যান করা যায় এমন বিষয়ও নয়।”
