নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের হয়ে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। সেখানে তিন বা চার নম্বরে ব্যাট করছেন হার্দিক পান্ডিয়া। যদিও নিজের ক্যারিয়ারজুড়ে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলেও এবার টপ অর্ডারেই বেশি সফলতা পাচ্ছেন তিনি। যে কারণে জাতীয় দলেও হার্দিককে টপ অর্ডারে চান হরভজন সিং।
এর আগে গেল কয়েক মাস ধরে চোটের কারণে শতভাগ ফিটনেস নিয়ে মাঠে নামতে পারছিলেন না হার্দিক পান্ডিয়া। যে জন্য দলে তাকে খেলতে হয়েছে একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে। তবে চলমান আইপিএলে সেই চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরেছেন। আর তাতেই নতুন রূপে ধরা দিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
হার্দিকের এমন ব্যাটিং মনে ধরেছে হরভজনের। এই পেস বোলিং অলরাউন্ডারের ব্যাটিং সামর্থ্যের শতভাগ কাজে লাগাতে চান হরভজন।
তিনি বলেন,”হার্দিক দারুণ কৌশলী। সে পুরদস্তুর ব্যাটার হতে পারে। এই ভূমিকায় তাকে এর আগে আমরা দেখিনি। সে আগে নিচের দিকে নেমে বড় শট খেলত। এখন এমন সময়ে নামছে যখন সে ১৭-১৮ ওভার খেলতে পারছে। সে সেরা ব্যাটারদের মতই খেলছে। তাকে আমি কারও সঙ্গে তুলনা দিতে চাই না। তবে সে এই মুহূর্তে অনেক গ্রেট ব্যাটারের চাইতেও ফর্মে আছে। ভারতের জাতীয় দলেও তাকে এমন সুযোগ (টপ অর্ডারে ব্যাটিং) দেয়া উচিত। ফিনিশার হিসেবে অন্য কাউকে রাখা উচিত। তিন-চারে সে এতই ভালো খেলছে যে তাকে নিচে নামানো উচিত না।”
