রোহিতের হৃদয় ভেঙে গেছে: বিশপ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫ বারের চ্যাম্পিয়ন হওয়ার পরেও এবারের আসরে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। দলের এমন অবস্থায় হতাশ রোহিত শর্মা। যদিও মুম্বাইয়ের অধিনায়কের হৃদয় ভেঙে গেছে বলে মনে করছেন ইয়ান বিশপ।

দলকে জেতাতে পারছেন না একইসঙ্গে নিজেও ব্যাট হাতে জ্বলেও উঠতে পারছেন না রোহিত। ইতোমধ্যেই ৮ ম্যাচ খেলে সবকটিতে হেরে প্লে অফ থেকে ছিটকে গেছে তার দল।
এই ৮ ম্যাচ খেলা মুম্বাই অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৫৩ রান। ১৯.১২ গড়ে ব্যাটিং করা রোহিতের নেই কোনো হাফ সেঞ্চুরিও। যে কারণে রোহিতকে দেখতে ‘হৃদয় ভাঙা’ লাগছে বলে মন্তব্য করেছেন বিশপ।

জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন,”শেষ ম্যাচে আমি যখন রোহিতের সঙ্গে কথা বলেছি, তখন মনে হয়েছে সে ভাঙা হৃদয় নিয়েই ঘুরছে। এই ফ্র্যাঞ্চাইজির ওপরে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমি মনে করি, তাদের কিছু পরিবর্তন আনা দরকার।”

এর আগে মেগা নিলামে সিঙ্গাপুরের হার্ড-হিটার ব্যাটার টিম ডেভিডকে দলে ভেড়ায় মুম্বাই। আসরে শুরুর দিকে কয়েক ম্যাচে খেলালেও ডেভিডকে ছাড়া নিয়মিতই নামছে মুম্বাই। বিশপের মতে, মুম্বাইয়ের ভাগ্য পরিবর্তন করতে পারেন ডেভিড।

তিনি আরও বলেন,”আমি মনে করি, টিম ডেভিডকে তারা খেলাতে পারে। তাকে দেখা যাচ্ছে না কেন সেটাই বুঝতে পারছি না। তাদের এমন কাউকে দরকার যে রান করতে পারে, দলের রান বাড়াতে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »