ছেলেকে ক্রিকেটার বানিয়ে রুবেলের স্বপ্ন পূরণ করতে চান চৈতি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেটার রুবেল না থাকলেও রুবেলের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান তার স্ত্রী চৈতি ফারহানা রূপা। ক্রিকেটের সব পর্যায়ে খেলে বেড়ানো বাবা রুবেলের স্বপ্ন ছিল, ছেলে রুশদানকেও বড় ক্রিকেটার বানাবেন। যে কারণে চৈতির এখন লক্ষ্য রুবেলের সেই স্বপ্ন পূরণ করা।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে চৈতী বলেন,”রুবেলের খুব ইচ্ছা ছিল ছেলেটাকে ভালো একজন ক্রিকেটার বানানোর। আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব একজন ক্রিকেটার হিসেবে তৈরি করার।”

এছাড়া রুশদানের কাছে এদিন ছুটে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ছোট্ট রুশদানের জন্য জায়নামাজ ও ব্যাট, বল, স্টাম্পসহ ক্রিকেটের সব সরঞ্জামাদি উপহার হিসেবে নিয়ে যান মেয়র। এ সময় তিনি বলেন, ‘রুবেলের স্ত্রী যেন আমাকে পরিবারের সদস্য ভাবে।’

তবে এসব আশ্বাসেও তো আর ফিরে আসবেন না রুবেল। রুবেলকে হারিয়ে চৈতির তাই অশ্রুসজল দুই চোখ। তিনি বলেন,”রুবেল কেমন মানুষ ছিল এটা তো আপনারা সবাই জানেন। ও একজন নিখাদ ভদ্রলোক। একজন মানুষের যত ভালো গুণ থাকতে হয় রুবেলের সব ছিল। আমাদের সাড়ে ৭ বছরের সংসার এত সুন্দরভাবে শুরু হল আবার শেষও হয়ে গেল। সব কিছু এত শূন্য। এভাবেই হয়ত আমাদেরকে বাঁচতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »