নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলে বরাবরই দারুণ খেলে থাকেন সাঞ্জু স্যামসন। তবে জাতীয় দলে সুযোগ পেয়েও এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ডানহাতি এই ব্যাটার। যে কারণে শ্রীলঙ্কা সফরে ভালো করতে না পারায় বাদ পড়েছিলেন পরের সিরিজেই। তবে আবারও দলে ফিরতে স্যামসনের ভরসা আইপিএলই। তবে জাতীয় দলে ফেরার মোক্ষম সুযোগ নিজের হাতে নষ্ট করছেন বলে মনে করেন ইয়ান বিশপ।
চলতি আসরে সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে হাফ সেঞ্চুরিতে দুর্দান্তভাবে এবারের আসরটা শুরু করেছিলেন স্যামসন। যদিও এবার রাজস্থানের ব্যাটিং ইউনিটকে প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন ইংলিশ ওপেনার জস বাটলার।
বাটলারের ব্যর্থতার দিনে বড় ইনিংস খেলার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন স্যামসন। সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাটলার। এদিন বড় ইনিংস খেলার সুযোগ ছিল স্যামসনের হাতে। তবে সেটা কাজে লাগাতে পারেননি স্যামসন।
তাই তো বিশপ মনে করেন, জাতীয় দলে ফেরার জন্য স্যামসনের যে ফর্ম আর সুযোগ আছে সেটা নিজেই নষ্ট করছেন। স্যামসনের শট সিলেকশন নিয়েও প্রশ্ন তুলেছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক।
এ প্রসঙ্গে বিশপ বলেন,”আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাওয়ার জন্য সাঞ্জুর (স্যামসন) যে ফর্ম এবং সুযোগ রয়েছে সেটা সে নষ্ট করছে। জস বাটলার যখন রান করবে না তখন দলকে তার নেতৃত্ব দিতে হবে। এমন নয় যে সে ফর্মে নেই।কিন্তু হাসারাঙ্গার সঙ্গে তার যে ম্যাচ আপ আছে সেটা তার ভালো করে জানা উচিত ছিল। সে সুন্দরভাবে ব্লক করে বেড়িয়ে এসেছিল। আমি সাঞ্জু স্যামসনের ভক্ত। বছরের পর বছর ধরেই এভাবেই আছি। কিন্তু শট নির্বাচনের মাধ্যমে সে তার ভালো ফর্ম নষ্ট করছে।”
