নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশসহ অন্য দেশের স্পিনাররাই দাপট বিস্তার করেন। যেকারণে উপমহাদেশের ব্যাটাররা স্পিনের বিপক্ষে খেলতেও অভ্যস্ত বা স্বাচ্ছন্দ্যববোধ করেন এমন ধারণাও আছে সবার। তবে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে- বাংলাদেশের ব্যাটাররা স্পিনের বিপক্ষে খেলতে সত্যি কতটা দক্ষ।
দক্ষিণ আফ্রিকায় স্পিন বান্ধব ভেন্যুতে দুই টেস্ট খেলে স্পিনের বিপক্ষে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এমন পারফরম্যান্সে বদলে গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ধারণা। তিনি এখন মনে করেন, পেসের চেয়ে স্পিনের বিপক্ষেই বেশি নাজুক বাংলাদেশের ব্যাটাররা।
তিনি বলেন,”এতদিন আমার ধারণা ছিল আমরা স্পিন ভালো খেলি এবং পেসে দুর্বলতা আছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে যখন যাই তখন পেস নিয়েই বেশি চিন্তাভাবনা করি। এবার প্রথম মনে হয়েছে পেসের বিপক্ষে আমাদের যে দুর্বলতা ছিল সেটা ওরকম আর চোখে পড়ে না। বরং এখন মনে হচ্ছে স্পিনের দিকে একটু নজর দিতে হবে।”
পেস বোলিংয়ে অবশ্য বাংলাদেশের সমীহ জাগানিয়া উত্থান আশাবাদী করছে পাপনকে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঢাকা ও চট্টগ্রাম টেস্টে তাই স্পোর্টিং উইকেট করারই আভাস দিলেন তিনি।
পাপন বলেন,”আমাদের কৌশল কী হবে, সেটা তো এখন বলা সম্ভব নয়। আমাদের পেসে দুর্বলতা ছিল, আমাদের শক্তির জায়গা ছিল স্পিন, এখন আমরা দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের পেস বোলাররা এই মুহূর্তে ভালো বল করছে। আমাদের বেশকিছু অপশন আছে। তাই আমি মনে করি, এখানে স্পোর্টিং উইকেটই হবে।”
