নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের ম্যাচটিতে ওবেড ম্যাকয়ের করা হাই ফুলটস বলের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ঋষভ পান্ত। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এমন বল করার পর সিদ্ধান্ত দেয়ার সময় টিভি বা তৃতীয় আম্পায়ারের হস্তক্ষেপ করা উচিত ছিল বলে মনে করেন পান্ত
ম্যাচের এক পর্যায়ে শেষ ওভারে ৩৬ রান দরকার ছিল দিল্লির। তখন বোলিংয়ে আসেন ম্যাকয়। তার প্রথম তিন বলেই তিনটি ছক্কা হাঁকান রভম্যান পাওয়েল।
তবে ওভারের তৃতীয় বলটি ছিল প্রশ্নবিদ্ধ। নিয়ম অনুযায়ী সেটি নো বল হলেও মাঠের আম্পায়াররা সেটাকে নো বল হিসেবে ঘোষণা করেননি।
এতেই ক্ষিপ্ত হন অধিনায়ক পান্তসহ দিল্লির কয়েকজন ক্রিকেটার। ডাগআউটে দাঁড়িয়ে উইকেটে থাকা পাওয়েল এবং কুলদিপ যাদবকে মাঠ ছেড়ে আসতে অনেকবার ইশারাও করেন পান্ত।
ম্যাচ শেষে দিল্লির অধিনায়ক বলেন,”শেষদিকে পাওয়েল আমাদের একটু সুযোগ করে দিয়েছিল। আমাদের সেই বলটির জন্য মূল্য দিতে হয়েছে। সেটা নো বল কিনা আরেকবার দেখে নেয়া যেত। কিন্তু এটা তো আমার হাতে নেই। অবশ্যই আমি হতাশ, কিন্তু কিছু করার নেই। কি হয়েছে সেটা মাঠেই সবাই দেখেছে। আমার মনে হয়, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত এখানে জরুরী ছিল। তাহলে এটা নো বলই হতো। তবে আমি তো আর একা একা এই নিয়মটির পরিবর্তন করতে পারব না।”
