স্পিনের বিপক্ষে আমরা কখনোই ভালো খেলিনি: মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার সদ্য সমাপ্ত দুই ম্যাচ টেস্ট সিরিজে সবার একটি ভুল ধারণা হয়ত ভেঙে গিয়েছে। কেননা স্পিনে অভ্যস্ত বাংলাদেশ দলও এই সিরিজে প্রোটিয়াদের স্পিন বিষে নীল হয়ে পেয়েছে হোয়াইটওয়াশের স্বাদ।

আর স্পিনের বিরুদ্ধে ব্যর্থতা নতুন কিছু নয়, বলছেন মাশরাফি। উপমহাদেশের অন্যান্য দেশের মত বাংলাদেশেও স্পিনারদের রাজত্ব চলে। স্পিন খেলেই ক্রিকেটাররা উঠে আসেন শীর্ষ পর্যায়ে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে প্রোটিয়া স্পিনাররা বড় পরীক্ষা নিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের। আবার বাংলাদেশের স্পিনাররা স্পিন বান্ধব উইকেট পেয়েও অনেকের মতে ‘প্রত্যাশা অনুযায়ী ভালো’ খেলতে পারেননি।

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, এর পেছনে রয়েছে বাংলাদেশের ব্যাটারদের স্পিন খেলার দুর্বলতা। স্পিনের বিপক্ষেও ভালো করতে পারছে না বাংলাদেশ। মাশরাফির ভাষায়, এই দুর্বলতা ‘সবসময়ই ছিল।’

তিনি বলেন,”আমরা কখনই স্পিন ভালো খেলতাম না। আমাদের ঘরোয়া ক্রিকেট দেখুন, ফাস্ট ক্লাস ক্রিকেট দেখুন, স্পিনাররা ৭-৮টি উইকেট, এমনকি অনিয়মিত স্পিনাররাও ৫-৬টি করে উইকেট পায়। তার মানে এটা স্পষ্ট যে আমরা স্পিনের বিপক্ষে এতো ভালো খেলি না।”

বাংলাদেশের ক্রিকেটে বোলারদের মধ্যে স্পিনাররাই বেশি সফল। পরিসংখ্যানের বিচারে পেসাররা তাদের ধারেকাছেও নেই। এটাই বাংলাদেশের ব্যাটারদের স্পিনে ব্যর্থতার উদাহরণ, মনে করেন মাশরাফি।

তিনি বলেন,”আমরা কোনো সময়ই স্পিনটা ভালো খেলিনি। আন্তর্জাতিক ক্রিকেটের বোলাররা তো আরও অভিজ্ঞ। তাদের ভ্যারিয়েশন আছে, টার্ন আছে। আমাদের স্পিনাররাও ভালো এই উইকেটে। যে টেস্টগুলো জিতেছি, বোলিং ভালো করেই জিতেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »