পন্টিংয়ের আস্থার প্রতিদান দিলেন মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমান খেলছেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। কোয়ারেন্টিনের কারণে প্রথম ম্যাচে অনুপস্থিত থাকলেও এরপর নিয়মিত খেলেছেন ফিজ। এই পাঁচ ম্যাচে মুস্তাফিজকে মুদ্রার দুই পিঠই দেখতে হয়েছে।

প্রথম ম্যাচে ৩ উইকেট শিকার করা মুস্তাফিজ প্রধান কোচ রিকি পন্টিংয়ের কাছ থেকে পেয়েছিলেন ‘ম্যান অব দ্যা ম্যাচ’ অ্যাওয়ার্ড। পরের তিন ম্যাচে ছিল উইকেট খরা। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দীনেশ কার্তিকের এক ওভারে ২৮ রান খরচ করা রীতিমত দুঃস্বপ্ন ছিল মুস্তাফিজের জন্য।

করোনার হানায় বিপর্যস্ত দিল্লী ম্যাচ খেলা নিয়েই ছিল অনিশ্চয়তায়। ম্যাচ শুরুর আগে দল নিয়ে আলাপচারিতায় পন্টিং জানান, পারফরম্যান্সের দিক থেকে যারা দলের ‘নেতা’ তাদের এগিয়ে আসতে হবে।

করোনার এই নাটকীয়তায় দলের মনোযোগে ব্যাঘাত ঘটেছে জানিয়ে পন্টিং বলেন,”আমাদের কিছুটা হলেও বিঘ্ন ঘটেছে। মিচেল মার্শ কোভিডে আক্রান্ত। আমাদের প্রস্তুতি যথাযথ হয়নি। আমি দলকে বলেছি- দুটি বিকল্প আমাদের আছে; হয় পিছিয়ে যেতে হবে নয়ত ইতিবাচক থাকতে হবে।”

ম্যাচ শুরুর আগে পন্টিং তাই ওয়ার্নার, মুস্তাফিজদের ভালো পারফরম্যান্স কামনা করেছিলেন।

তিনি বলেছিলেন,”আমরা একটা দারুণ ফ্র্যাঞ্চাইজির হয়ে বড় টুর্নামেন্ট খেলছি। নেতাদের এগিয়ে আসতে হবে। ওয়ার্নার এবং পান্ট এখনও পর্যন্ত ভালো করেছে। এক-দুই ওভার বাদ দিলে মুস্তাফিজও ভালো করছে।”

১৪টি ডট বলের সমাহার নিয়ে মুস্তাফিজ অবশ্য পন্টিংয়ের আস্থার প্রতিদান দিয়েছেন। এদিন মায়াঙ্ক আগারওয়ালকে বোল্ড করে উইকেটের খরাও কাটিয়েছেন। যদিও অধিনায়ক রিশভ পান্ট জানিয়েছেন, দলের ৫ সদস্য যখন করোনা আক্রান্ত তখন দিল্লীর জন্য কতটা কঠিন হয়ে উঠেছিল সময়টা।

৯ উইকেটের রাজসিক জয়ের পর মুস্তাফিজদের অধিনায়ক বলেন,”সকালে টিম সেইফার্ট করোনা আক্রান্ত জানার পর দলের মধ্যে সংশয় তৈরি হয়। সবার মধ্যে একটা চাপ ছিল, কী করব বুঝতে পারছিলাম না। আমরা আলোচনা করি এবং ঠিক করে নিই কোন বিষয়ের দিকে মনঃসংযোগ করব। তখন আমরা ঠিক করি, ম্যাচেই সব মনোযোগ রাখব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »