নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল বছরে দেখা গেছে জাতীয় দলের ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন ফরম্যাট থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছেন। যে কারণে অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্ট ও বিসিবিকে। তাই এবার ভিন্ন পন্থা অবলম্বন করতে যাচ্ছে বিসিবি।
অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, খেলোয়াড়দের সঙ্গে আজ বিসিবিতে বৈঠকে বসেন তাঁরা।
এ বিষয়ে তিনি বলেন,”আজকে সবাইকে একসাথে ডেকেছিলাম চুক্তি স্বাক্ষর করার জন্য। সেজন্যই সবাই এসেছিল। কয়েকজন আসতে পারেনি ব্যক্তিগত কারণে। অলমোস্ট ১৭-১৮ জন ছিল, আমরা সবাই একসাথে বসছিলাম। অনেকেই প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিল, একসাথে পাওয়া যাচ্ছিল না। আমরা বসে নিজেদের মধ্যে খেলা নিয়ে আলোচনা করেছি।”
কে কোন ফরম্যাটে খেলবে সেভাবেই চুক্তিতে স্বাক্ষর করেছে জানালেন জালাল ইউনুস। যে কারণে এখন থেকে হুট করেই নির্দিষ্ট কোনো ফরম্যাট থেকে খেলোয়াড়দের সরে আসার কারণ নেই।
তিনি বলেন,”প্লেয়াররা কোন ফরম্যাটের জন্য এভেইলবল, তাঁরা সেভাবেই চুক্তিতে স্বাক্ষর করেছে। এটা তো এখন ইতোমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে কে কোন ফরম্যাট খেলবে। সামনেরটা তো… ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর আমরা বলতে পারব।”
জালাল ইউনুস আরও বলেন এখন থেকে খেলোয়াড়রা নয়, বোর্ডেরই সময় এসেছে কে কোন ফরম্যাটের জন্য উপযুক্ত সেটা বলার। এমনকি সেভাবেই এগোতে চায় বিসিবি। তবে একান্তই ব্যক্তিগত সমস্যা না থাকলে ছাড় দেওয়া হবে না চুক্তিবদ্ধ খেলোয়াড়দের।
তিনি বলেন,”আমরা তো চাই প্লেয়াররা চুক্তি অনুযায়ী খেলুক। অনেকেই ব্যক্তিগত কারণে খেলতে পারবে না, সেটা ভিন্ন ব্যাপার। তখন আমরা অন্য দৃষ্টিতে দেখব বিষয়টি। কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে যে প্লেয়ারদের বলতে পারি তোমাকে এই ফরম্যাটে খেলতে হবে। এটা আমরা বলতে পারি, তখন সে সিদ্ধান্ত নিতে পারে খেলবে কি খেলবে না। কিন্তু প্লেয়াররা কোন ফরম্যাটে খেলবে সেটা আমরা বোর্ড থেকে বলতে চাই।”
