নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি না পেলেও কিছুটা ফর্মে ছিলেন বিরাট কোহলি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে এসে সেই ফর্ম হারিয়েছেন কোহলি। এমন অবস্থায় শিষ্যের এমন অবস্থা যেন মেনেই নিতে পারছেন না রবি শাস্ত্রী। বর্তমানে কোহলির বিশ্রামের প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আসর ভালো করতে পারছেন না কোহলি। এবারের আসরে এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে প্রায় ২০ গড়ে করেছেন মাত্র ১১৯ রান। দল সাফল্য পেলেও রান খরায় আছেন তিনি।
ভারতের সাবেক এই কোচ দলটির সাবেক এই অধিনায়কের দুর্দিনে পাশে দাঁড়ালেন। শাস্ত্রীর মতে, কোহলির সেরাটা বের করে আনতে হলে জুন-জুলাইয়ের আগে বা পরে অন্তত দেড়-দুই মাসের ছুটি প্রয়োজন তার।
শাস্ত্রী বলেন,”আমি এখানে সরাসরি একজনকে নিয়েই বলব। বিরাট কোহলি অনেক বেশি ক্লান্ত। কারো যদি বিশ্রামের প্রয়োজন হয়, সে অবশ্যই কোহলি। সেটা দুই মাসের হোক বা দেড় মাসের হোক। ইংল্যান্ড সফরের আগে বা পরে যখনই হোক। তার বিশ্রামের প্রয়োজন কেননা ৬-৭ বছরের ক্রিকেট তার মাঝে এখনও অবশিষ্ট আছে। আপনি অবশ্যই তাকে বেশি বেশি চাপ দিয়ে সেটা নষ্ট করতে চাইবেন না। সে অবশ্য একাই নয়। ক্রিকেট বিশ্বে আরও ২-১ জন আছে যারা একই রকম সময় পার করছে।”
