নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বড়সড় আয়োজনের মধ্য দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের জন্য সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদকে নিয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠান করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মাহমুদউল্লাহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে যোগ দিলেও মুশফিক-মিরাজরা টেস্ট সিরিজ খেলে যখন দেশে ফিরলেন ততক্ষণে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেছে মোহামেডান। এমন অবস্থায় মুশফিক ও মিরাজকে টুর্নামেন্টের মাঝ পথে দলে ভিড়িয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মূলত মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুমতি নিয়েই তাদের দলে নিয়েছে ধানমন্ডির ক্লাবটি। এই বিষয়টি নামকরা এক অনলাইন পোর্টালকে নিশ্চিত করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের একটি সূত্র।
এ প্রসঙ্গে ক্লাবটির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন,”মুশফিক ও মিরাজ দুজনই আমাদের সঙ্গে যোগ দিয়েছে। দুজনকেই আমরা স্বাক্ষর করিয়েছি। এটা ভালো হয়েছে। আমাদের দল ভালো করছিলো। ইনশাল্লাহ এদেরকে পেয়ে আরও ভালো হবে। মুশফিকের মতো প্লেয়ার থাকলে তো যেকোনো দলের ব্যালেন্স থাকে। অবশ্যই ভালো হবে।”
