নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্যাট হাতে গেল কয়েক মাস ধরে এতটাই খারাপ সময় পার করছেন যে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের একাদশ থেকেও বাদ পড়তে হয়েছে সৌম্য সরকারকে। সৌম্যের এমন বাদ পড়ায় অবাক হয়েছেন তাঁর কোচ নাজমুল আবেদিন ফাহিম।
সর্বশেষ জাতীয় দলে সৌম্য খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপ ব্যর্থতার পরের সময়টাও তাঁর এতই খারাপ যাচ্ছে যে প্রিমিয়ার লিগেও বাদ পড়তে হয়েছে তাঁকে। পরবর্তীতে ফিরেও রান করতে পারছেন না। যে কারণে ছুটে গেলেন গুরু ফাহিম স্যারের কাছে। তাঁর সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন কোচ ফাহিম।
সৌম্যকে দেখে কোচ ফাহিম বললেন,”একজন খেলোয়াড় যখন নামতে নামতে এতোটা নিচে নেমে আসে তখন নিশ্চয়ই কোথাও না কোথাও সমস্যা থাকে। এটা খুবই অবাক করার বিষয় ওর মতো একজন খেলোয়াড় এতো দ্রুত জাতীয় দল থেকে ক্লাব ক্রিকেটেও নিজের জায়গায়টা নিশ্চিত করতে পারছে না। আমি ফিল করেছি ওকে একটু সাহায্য করা দরকার। সেটিকে মাথায় রেখে আগেও দুটোর মতো সেশন করেছি আমরা। এরপরও আমি ওকে নিয়ে কাজ করব।”
তিনি আরও যোগ করেন,”ওর ইচ্ছা আছে ভালো জায়গায় খেলার এবং ভালো কিছু করার। যে কারণে বিভিন্ন ভাবে ও চেষ্টা করছে, স্যাক্রিফাইস করছে। ফিটনেস নিয়ে কাজ করছে, মেন্টাল ব্যাপার নিয়ে কাজ করছে এবং ক্রিকেট নিয়েও কাজ করছে। আশা করছি যে ওর যে খারাপ একটা সময় যাচ্ছে সেটা পার করে দিতে পারবে।”
সৌম্যর মতো ছন্দ হারিয়ে ফেলা ক্রিকেটাররা যত দ্রুত নিজেদের খুঁজে পাবেন ততই বাংলাদেশ ক্রিকেটের মঙ্গল বলে মনে করছেন কোচ ফাহিম। সেই সঙ্গে এটিও জানিয়ে রাখলেন সৌম্য জাতীয় দলে খেলেছেন বলেই তাঁর দিকে চোখ থাকে সবার। তবে তাঁর ক্রিকেট মেধার প্রশংসা করেছেন কোচ ফাহিম।
তিনি বলেন,”ও যে ভালো খেলতে ও রান করতে পারছে না আমরা সেটা সবাই দেখতে পারছি। সে যেহেতু জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিল, ওর দিকে আমাদের চোখ থাকবেই সব সময়। ভালো খেললেও থাকবে, খারাপ করলেও থাকবে। ওর যে অভিজ্ঞতা আছে জাতীয় দলে খেলার বিশেষ করে বিদেশের মাটিতে ওর যে পারফরম্যান্স তাঁতে তাঁর মেধার প্রমাণ দেয়।”
