নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিগত এক দশকে বিশ্ব ক্রিকেটে দারুণ উত্থান ঘটেছে বাংলাদেশের। তবে বাংলাদেশের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফরের দরজা এখনো পর্যন্ত খোলেনি। অনেক দিন হয়ে গেছে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশের।
ইংল্যান্ডে বাংলাদেশ সর্বশেষ সফর করেছে ২০১০ সালে। অস্ট্রেলিয়ায় সর্বশেষ সফর ছিল তারও আগে, ২০০৮ এ। এরপর বৈশ্বিক আসরে খেলতে সেই দেশে গিয়ে বাংলাদেশ সমীহ জাগানিয়া পারফরম্যান্স দেখিয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ খেলার খরা অবশ্য কাটতে পারে আগামী এফটিপিতে।
আগামী ক্রিকেটীয় চক্রের জন্য যে নতুন ‘ফিউচার ট্যুর প্ল্যান’ করা হচ্ছে তাতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর রাখার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে এ বিষয়ে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে, জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেন,”অবশ্যই বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। এ বিষয়গুলো ঠিক করার জন্যই বোর্ডগুলোর সাথে কথা বলেছি। বেশ কিছু ইতিবাচক ইঙ্গিত আমরা পেয়েছি। আশা করি আগামী এফটিপিতে আসবে।”
