২-১ জন ছাড়া আমরা স্পিনে অতটা ভালো প্লেয়ার নাঃ মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্ট সিরিজে কেশব মহারাজ ও সায়মন হার্মারের স্পিনে নাকানিচোবানি খেয়েছে বাংলাদেশের ব্যাটাররা। উপমহাদেশের ক্রিকেটার হয়েও কেনো এমন দুরবস্থা ব্যাটারদের? মুমিনুল দেখালেন দুই দেশের স্পিনারদের মধ্যে পার্থক্য।

ডারবানের মতো পোর্ট এলিজাবেথেও মহারাজ ‘রাজত্ব’ করেছেন স্পিন বল করে। তার সামনে অসহায় ছিলেন মুমিনুলরা। বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুলের সহজ স্বীকারোক্তি। এখনও স্পিনটাই রপ্ত করতে পারেননি সব ব্যাটাররা।

তিনি বলেন,”এটা তো আগে থেকে সবাই জানেন যে দুই-এক জন ছাড়া আমরা স্পিনে অতটা ভালো প্লেয়ার না। হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু আমার কাছে এটাই মনে হয়। স্পিন খেলে বাট কোন দিক দিয়ে খেলতে হবে ওইটা আমরা বুঝি না। এসব জায়গায় আমাদের উন্নতি করতে হবে।”

পোর্ট এলিজাবেথে যেখানে মহারাজ ও হার্মার বাউন্স, টার্ন পাচ্ছিলেন সে তুলনায় মিরাজ ও তাইজুল সেভাবে পাননি। মুমিনুলের চোখে দুই দলের স্পিনারদের মধ্যে পার্থক্য সাইড-স্পিন ও ওভার-স্পিন।

তিনি বলেন,”দেখুন আমাদের দেশের উইকেটের সঙ্গে এখানকার উইকেটের অনেক পার্থক্য আছে। উপমহাদেশের উইকেটে যারা বোলিং করে তাঁদের সাইড স্পিন বলে একটা কথা আছে। যে সাইড-স্পিন আমাদের দেশে খুব কাজে দেয়। এসব জায়গায় সাইড-স্পিন বেশি কাজে দেয় না, ওভার-স্পিন অনেক ইউজফুল। আমাদের দেশের বোলাররা কন্ডিশনের (দেশের উইকেট) কারণে সাইড-স্পিন করে। ওভারস্পিন করতে হলে টেকনিকে অনেক পরিবর্তন করতে হয় যা এখানে এসে দুই-একদিনে সম্ভব নয়। যদিও বা করে তখন আগের টেকনিকে ক্ষতি হয়। এ কারণে হয়তোবা পারছে না (ব্যাটাররা)।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »