নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
উপমহাদেশে অন্যান্য দেশের মত বাংলাদেশের ও রয়েছে স্পিনারদের রাজত্ব। যে কারণে বাংলাদেশের উইকেট নিয়ে একটি অভিযোগ প্রায়ই শোনা যায়- এখানে স্পিনার আর পেসারদের সুবিধা আদায়ে ভারসাম্য নেই। স্পিন খেলেই ক্রিকেটাররা উঠে আসেন শীর্ষ পর্যায়ে।
এবার সেই স্পিন দিয়েই বাংলাদেশকে ঘায়েল করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজে প্রোটিয়া স্পিনাররা বড় পরীক্ষা নিচ্ছেন বাংলাদেশের ব্যাটারদের। আবার বাংলাদেশের স্পিনাররা স্পিন বান্ধব উইকেট পেয়েও অনেকের মতে ‘প্রত্যাশা অনুযায়ী ভালো’ খেলতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের মুখে থেকে এই বিষয়টিই কষ্ট দিচ্ছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে। নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হারার যৌক্তিক কারণ দেখলেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে স্পিন নির্ভর বাংলাদেশের এমন অসহায় আত্মসমর্পণ মন ভেঙেছে টিম ডিরেক্টরের।
সুজন বলেন,”নিউজিল্যান্ডে না হয় ভালো না খেলার কারণ ছিল, সেখানে পেস বোলিংয়ের বিপক্ষে খেলা কঠিন। এখানে আমরা স্পিনকেই সামলাতে পারলাম না। এটাই আমার বেশি দুঃখ। আমরা মনে করি স্পিনে আমরা ভালো খেলি। আমাদের স্পিনাররাও ওদের বেশি বিপাকে ফেলতে পারেনি। হ্যাঁ, তাইজুল ৫ উইকেট নিয়েছে। মিরাজ ভালো বল করেছে। কিন্তু মহারাজরা যেমন আমাদের ব্যাটারদের বিপদে ফেলেছে, আমাদের স্পিনাররা এভাবে বিপদে ফেলতে পারেনি।”
আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকার প্রথম সারির কয়েকজন খেলোয়াড় খেলছেন না টেস্ট সিরিজে। এমন দলের বিপক্ষে কোনো ম্যাচ জিততে না পারা বড় সুযোগ হাতছাড়া বলেই মনে করেন সুজন।
তিনি বলেন,”অবশ্যই বড় সুযোগ হাতছাড়া করেছে। তবে আমি বলব না দক্ষিণ আফ্রিকার এই দলটা ভালো নয়। তাদের অনেক ভালো কিছু খেলোয়াড় আছে। তারা স্পিন খুব ভালোভাবে সামলেছে। আমরা আশা করেছিলাম টেস্ট সিরিজে আরও ভালো করব।”
