নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আসরে ৪ ম্যাচের ৪টিতেই পরাজয়ের স্বাদ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগে নেতৃত্ব পাওয়া রবীন্দ্র জাদেজার অধীনে নিজেদের খুঁজে বেরর করতে হিমশিম খাচ্ছে দলটি। তবে চেন্নাইয়ের দুর্দশার পেছনের কারণ একটু হলেও খুঁজে পেয়েছেন রবি শাস্ত্রী।
ভারতের সাবেক এই কোচ মনে করছেন, চেন্নাইয়ের নেতৃত্বের দায়িত্ব ফাফ ডু প্লেসি’র কাঁধে ওঠা উচিৎ ছিল। পাশাপাশি শাস্ত্রীর দাবি, নেতৃত্ব পেয়ে নিজের মতো খেলতে পারছেন না জাদেজা।
এই মুহূর্তে আরসিবির অধিনায়কত্ব করছেন প্লেসি, ৪ ম্যাচের ৩টিতে জিতে ভালো অবস্থানেও আছে দলটি। তাই হয়তো আরসিবির জার্সিতে এখন পর্যন্ত সফল ‘অধিনায়ক’ ডু প্লেসিকে দেখে তাই চেন্নাইয়ের জন্য আফসোসে পুড়ছেন শাস্ত্রী। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক আলাপচারিতায় এ কথা জানিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
শাস্ত্রী বলেন,”চেন্নাইয়ের গল্পটা এই মুহূর্তে ভিন্ন হতে পারত। আমার মতে জাদেজার মতো ক্রিকেটারদের শুধু নিজের খেলায় মনোযোগী থাকা উচিৎ। ওরা নিলামে ডু প্লেসিকে ছেঁড়ে দিয়েছে, কিন্তু সে হতে পারত দলটির যোগ্য নেতা। সে একজন ম্যাচ উইনার, চেন্নাইয়ের হয়ে আইপিএলও জিতেছে। ধোনি যদি নেতৃত্ব ছাড়ার কথা ভেবেও থাকতো তাহলে আগেই চেন্নাইয়ের উচিৎ ছিল ফাফকে এই দায়িত্ব বুঝিয়ে দেয়া। আর জাদেজাকে শুধু খেলোয়াড় হিসেবে থাকতে দেয়া, ওর মতো খেলতে দেয়া। নেতৃত্বের চাপ নেয়া দেয়া। তাহলে চেন্নাইয়ের গল্পটা হয়তো ভিন্ন হতো।”
