ছেলেকে ক্রিকেটার বানাতে চান না সরফরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ তার ছেলে আবদুল্লাহর ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। যে কারণে একজন ক্রীড়াবিদ হয়েও চান না তার ছেলে ক্রিকেটের সঙ্গে অদূর ভবিষ্যতে যুক্ত থাকুক।

পাকিস্তান ক্রিকেটের জার্সি গায়ে একসময় ২২ গজ কাঁপিয়েছেন মঈন খান। বর্তমানে তার ছেলে আজম খানকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন তিনি। ইতোমধ্যে জাতীয় দলেও অভিষেক হয়েছে তার। তবে এক্ষেত্রে উল্টো পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক সরফরাজ। ক্রিকেটার হওয়ায় অনেক যন্ত্রণা সহ্য করেছেন তিনি। যে কারণে তার চাওয়া ছেলে যেন এ পেশায় না আসে।

তিনি বলেন,”আবদুল্লাহ ক্রিকেটের প্রতি অনেক অনুরাগী। কিন্তু আমি চাই না সে-ও ক্রিকেটকে বেছে নিক। আসলে ক্রিকেটার হওয়ায় আমি অনেক জায়গায় ভুগেছি। আমি চাই না আমার ছেলেও এটির মধ্যে দিয়ে যাক। আমাকে অনেকেই বলেছেন সে (আবদুল্লাহ) অনেক প্রতিভাবান। আমার উচিত তাঁকে ক্রিকেটের জন্য অনুপ্রাণিত করা।”

এছাড়া ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও সাবেক পাকিস্তানের ক্রিকেটার মঈন খানও আবদুল্লাহর ক্রিকেট স্কিলের প্রসংসা করেছেন। তবে সরফরাজের চাওয়া তার নাম ব্যবহার করে নয়, ছেলে যেন জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে।

তিনি বলেন,”মঈন ভাই আবদুল্লাহর স্কিলের প্রশংসা করেছে। সানিয়া মির্জাও আমাকে বলেছে তার (আবদুল্লাহর) ক্রিকেটার হওয়ার প্রতিভা আছে। শেষ পর্যন্ত যদি আবদুল্লাহ এটিকেই পেশা হিসেবে বেছে নেয়, আমি চাইব যে সেন কঠিন পরিশ্রম করে নিজের লক্ষ্য অর্জন করতে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »