নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে পরাজিত হয় ইংল্যান্ড। এরপরই জো রুটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। যদিও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সেই সময় আস্থা রেখেছিল রুটের ওপর। কিন্তু কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ফের শুরু হয় রুটের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা।
দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভনের মতো কেউ কেউ চাইছেন রুট পদত্যাগ করুক। কেউ আবার পরবর্তী অধিনায়ক হিসেবে বিবেচনা করছেন বেন স্টোকসকে। যদিও এসব নিয়ে এখনই ভাবছেন না স্টোকস। এক পঞ্জিকা বর্ষে ক্রিকেট ইতিহাসের রেকর্ড পরিমাণ টেস্ট হেরে লজ্জার এক রেকর্ড গড়েছিল ইংলিশরা। তাছাড়া অ্যাশেজেও ভরাডুবি হয়েছিল তাদের।
ওয়েস্ট ইন্ডিজের সাথে আবারও সিরিজ হারায় অধিনায়ক রুটের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। অনেকে পরবর্তী নেতা হিসেবে নাম নিয়েছেন স্টোকসেরও। যদিও এসব নিয়ে এখনই ভাবতে নারাজ সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার স্টোকস।
তিনি বলেন,”এই ব্যাপারে এখনই আমি কোনো পরিকল্পনা করতে পারি না (ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হওয়া প্রসঙ্গে)। কী হচ্ছে সেটাই ভালোমতো দেখছি। আমি মনে করি বর্তমান অবস্থাকে আমরা আরও বাজে করে ফেলছি। আমরা কেউই ভালো বোলিং করিনি, ব্যাটিংও না। কিন্তু বর্তমান অবস্থাকে আমরা বাজে করেই চলেছি।”
