নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তাসকিন আহমেদের আইপিএলকে না বলাকে পজিটিভ সিদ্ধান্ত হিসেবেই দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আইপিএলের নতুন দল লক্ষনৌ থেকে আজ সকালেই তাসকিনকে পাওয়ার জন্য যোগাযোগ করা হয় ফ্রাঞ্চাইজি থেকে।
স্বয়ং সাবেক ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর ফোন করেন বিসিবিতে তাসকিনকে নেওয়ার জন্য। এবং তাসকিন খেলবে কিনা সেটাও আজকের মধ্যেই জানাতে বলা হয়। এরপর বোর্ড এবং তাসকিন মিলে সিদ্ধান্ত নেয় যে তাসকিন দেশের হয়ে আফ্রিকায় টেস্টই খেলবে।
এই সিদ্ধান্তে ক্রিকেট পাড়ায় আলোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন বিসিবি তাসকিনের সাথে এটা অন্যায় করলো আবার অনেকে এটাকে তাসকিনের দেশের প্রতি দায়বদ্ধতার প্রমান হিসেবেও উল্লেখ করেন।
আজ এই বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তাসকিনের আইডল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন যদিও পৃথিবী এখন উল্টো দিকেই চলছে তবে তাসকিনের এই সিদ্ধান্ত দারুণ পজিটিভ মনে হয়ে তার কাছে। ম্যাশ বলেন, ‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে কারণ, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত।যদিও পৃথিবী চলছে বিপরীত মুখি এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে,যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।’
এসময় তাসকিনের প্রশংসাও করেন তিনি। তাসকিনের উন্নতি জাতীয় দলের জন্য সুখবর বলেও মনে করেন তিনি। দেশের হয়ে নিংড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি, বলেন ভালো খেলতে থাকলে সুযোগ অবশ্যই আসবে।
“ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩ বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো, আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিল খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও কারণ, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে, কাল হয়তো থাকবে না। তাই তোমার ক্রিকেটের সেরা মুহূর্তগুলো হয়ে উঠুক লাল,সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন” যোগ করেন দেশের ইতিহাসের সফলতম এই অধিনায়ক।
এর আগে আইপিএলের এবারের নিলামে বাংলাদেশ থেকে ৬ জন ক্রিকেটার নাম দিলেও নিলামে নাম উঠেছিল মাত্র দুইজনের। সেখান থেকে আবার সবাইকে অবাক করে সাকিব থেকে যান প্রথমবারের মত অবিক্রীত। আর এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশী হিসেবে মুস্তাফিজুর রহমানকে ভিত্তি মূল্য ২ কোটিতে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস।

মন্তব্যসমূহ »
আমি মনে করি ipl খেল্লে ভালো হবে।কারন ipl খেলা একজন খেলোয়াড়ের জন্য স্বপ্নই বলা যায় আার তাসকিন আহমেদ এর প্রথম ভার খেলার শুযোগ পেয়েছে তাই যাওয়া টাই বেটার হবে