নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত আসর চলাকালীনই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংগালুরর সাবেক অধিনায়ক বিরাট কোহলি। যদিও ফ্রাঞ্চাইজি ককর্তৃপক্ষ এবারও অধিনায়কত্ব করার জন্য বিরাটকে অনুরোধ করেছিল কিন্তু মত বদলাননি বিরাট। তাই ১০ বছর আরসিবি এবার মাঠে নামবে নতুন নেতার হাত ধরে।
এবারের নিলাম থেকে কেনা সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিকেই কোহলির স্থলাভিষিক্ত করেছেন দলটি। অধিনায়কত্ব পেয়েই সাবেক অধিনায়ক বিরাটকে প্রশংসা বৃষ্টিতে ভাসালেন এই প্রোটিয়া।
বিরাট অধিনায়ক না থাকলেও তার উপস্থিতিই দলকে উজ্জিবিত করতে দারুণ ভূমিকা রাখে বলে মনে করেন ফাফ। ‘‘কোহলী অধিনায়ক না থাকলেও তার শরীরী ভাষা দলকে উজ্জীবিত করতে পারে। সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সব সময় দলের মধ্যে একটা ইতিবাচক মানসিকতা নিয়ে আসে কোহলী। আইপিএলের মতো বড় প্রতিযোগিতায় সেটা খুব দরকার। এ ছাড়া মাঠে সব সময় ওর পরামর্শ আমি পাব” বিরাট কে নিয়ে বলছিলেন আরসিবির নতুন অধিনায়ক।
ভারতের ক্রিকেট বদলের জন্যও কোহলিকেই ক্রেডিট দিয়েছেন ফাফ। ভারতের অধিনায়ক কোহলি সম্পর্কে তিনি বলেন, ‘‘ক্রিকেটার হিসেবে কোহলী বিশ্বের অন্যতম সেরা। কিন্তু সেই সঙ্গে অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে ও। ভারতের বিরুদ্ধে বহু বছর ধরে খেলার সুবাদে সেই বদলটা আমি দেখেছি। ভারতীয় দল এখন অনেক বেশি ফিট। এর আগে এতটা শারীরিক ক্ষমতা ভারতীয় ক্রিকেটারদের ছিল না। নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে কোহলীর।’’
