নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের একটি বিলাসবহুল অবকাশযাপন ভিলায় ৫২ বছর বয়সে মারা যান শেন ওয়ার্ন।
লেগ স্পিন জাদুকরের আকস্মিক মৃত্যুতে এখনও বিস্ময় ও শোক কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেটবিশ্ব।
এরই মধ্যে এ অসি কিংবদন্তিকে ঘিরে নানা ঘটনা, রেকর্ড ও ইতিহাস গণমাধ্যমে আসছে। এসব খবরের মধ্যে একটি হলো— করোনাকালে নিজের কারখানায় মদ উৎপাদন বন্ধ করে স্যানিটাইজার বানাতেন শেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ায় সদ্যপ্রয়াত স্পিন কিংবদন্তির মদ বানানোর কারখানা রয়েছে। ওয়ার্নের সেই মদের কারখানার নাম ছিল ‘সেভেন জিরো এইট জিন’। সেভেন জিরো এইট মানে ওয়ার্নের টেস্ট ক্যারিয়ারের ৭০৮ উইকেট। বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের সাফল্যের সঙ্গে মিলিয়েই তিনি কোম্পানির এ নাম রেখেছিলেন।
২০২০ সালের শুরুতে সারাবিশ্বে করোনাভাইরাসের প্রকোপ যখন ভয়াবহ রূপ ধারণ করেছিল, তখনই শেন ওয়ার্ন নিজের কারখানায় মদ উৎপাদন বন্ধ করে দেন। স্যানিটাইজার উৎপাদন শুরু করেন। ১৭ মার্চ ২০২০ থেকে তার কারখানায় মদের বদলে ৭০ শতাংশ অ্যালকোহল দিয়ে তৈরি হচ্ছিল হ্যান্ডস্যানিটাইজার। তা পৌঁছে দেওয়া হচ্ছিল অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন করোনা হাসপাতালগুলোতে।
মদ ছেড়ে স্যানিটাইজার বানানোর সিদ্ধান্তের প্রসঙ্গে ওই সময় শেন ওয়ার্ন বলেছিলেন— বর্তমান সময়টা আমাদের জন্য খুবই কঠিন। এই সময়ে ভাইরাসের বিরুদ্ধে লড়তে, মানুষের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসাব্যবস্থাকে যে যেভাবে পারি সাহায্য করা উচিত। আমার খুব খুশি লাগছে যে, আমার সেভেন জিরো এইট কোম্পানি সেই কাজটি করতে পারছে। মদের বদলে স্যানিটাইজার তৈরি করছি আমরা। আমি অন্যদেরও অনুরোধ করছি— সম্ভব হলে এমন কিছু করুক।
থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ছয় দিন পর শেন ওয়ার্নের মরদেহ বৃহস্পতিবার মেলবোর্নে পৌঁছে।অস্ট্রেলিয়ার জাতীয় পতাকায় মোড়ানো এই কিংবদন্তি লেগ স্পিনারের লাশ একটি ভাড়া করা বিমানে ব্যাংকক থেকে আট ঘণ্টার উড়ানে মেলবোর্নে নিয়ে যাওয়া হয়।
আগামী ৩০ মার্চ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। টিকিট কেটে ভক্তরা শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।
