নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি। দুইজনই আছেন টেস্টের চুক্তিতে। মূলত তরুণ ক্রিকেটারদের টেস্টে আগ্রহী করে তোলার জন্যই তাদের চুক্তিতে রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটারের নাম প্রকাশ করে বিসিবি। তাতে নতুন মুখ এই দুজনই। শুক্রবার (১১ মার্চ) সকালে জয় ও ইয়াসিরকে চুক্তিতে ঠাই দেওয়ার কারণ জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
নান্নু বলেন,”জয়ের সাথে রাব্বিকেও নেওয়া হয়েছে লাল বলের ক্রিকেটে উৎসাহ বাড়ানোর জন্য। টেস্ট ক্রিকেটকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। কিছু তরুণ খেলোয়াড়কে চুক্তিতে নেওয়া হয়েছে যাতে বাকি ক্রিকেটারদেরও টেস্টের প্রতি আগ্রহ থাকে এবং মনোযোগের সাথে খেলে। সেই চিন্তা করেই এই দুজনকে নেওয়া হয়েছে।”
২১ ক্রিকেটারের নাম প্রকাশ করা হলেও তারা কে কোন গ্রেডে থাকবেন তা এখনও জানা যায়নি। নির্বাচক প্যানেলের প্রধান জানালেন, চুক্তিতে থাকা ক্রিকেটারদের গ্রেডিং করবে ক্রিকেট অপারেশন্স বিভাগ।
নান্নু বলেন,”আপনারা ইতোমধ্যে ২১ জনের একটা তালিকা পেয়েছেন। আমরা চুক্তির নামগুলো দিয়েছি। এক বছরের জন্য নির্বাচক প্যানেল এই নামগুলো বোর্ডে দিয়েছে। পরবর্তীতে গ্রেডিং ঠিক করা হবে, এটা ক্রিকেট অপারেশন্স থেকে করা হয়। এই ২১ জনকেই আমরা দিয়েছি।”
