ভারতে টি-টোয়েন্টি সিরিজ শেষ থিকশানা ও মেন্ডিসের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্পিনার মাহিশ থিকশানা ও ব্যাটসম্যান কুসল মেন্ডিসকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশেও পাচ্ছে না শ্রীলঙ্কা। চোটের কারণে ছিটকে গেছেন এই দুই জন।

থিকশানার ছিটকে পড়া শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। ছন্দে থাকা এই স্পিনারের সঙ্গে ভানিন্দু হাসারাঙ্গাকেও ভারতের বিপক্ষে পাচ্ছে না তারা। করোনাভাইরাসের ছোবলে ছিটকে পড়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

এর আগে অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে ভারত সফরের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি আভিশকা ফার্নান্দো, রমেশ মেন্ডিস ও নুয়ান থুশারার। তিন জনই চোটের সঙ্গে লড়ছেন।

এত দুঃসংবাদের মাঝে একটি সুসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ আক্রান্ত হওয়া পেসার বিনুরা ফার্নান্দো সেরে উঠেছেন। ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে একাদশের বিবেচনায় থাকবেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে স্রেফ উড়ে গেছে শ্রীলঙ্কা। ৬২ রানে হেরে যাওয়া সফরকারীরা সিরিজে টিকে থাকার লড়াইয়ে শনিবার আবার মাঠে নামবে, ধর্মশালায়। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি আগামী রোববার একই মাঠে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »