নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন আফগানিস্তান সিরিজ মাঠে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছেন সমর্থকরা। তবে এক্ষেত্রে সীমিত সংখ্যক দর্শককে দেওয়া হবে খেলা দেখার অনুমতি। সেই সংখ্যা ৪ হাজার থেকে হতে পারে ধারণক্ষমতার অর্ধেক পর্যন্ত।
বিপিএল আসরের শেষ চার ম্যাচে ৪-৫ হাজার দর্শককে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়। সরকার থেকে এখনও রয়েছে সেই নির্দেশনাই, তাই আফগান সিরিজে চট্টগ্রামে অন্ততপক্ষে ৪ হাজার ও ঢাকায় অন্ততপক্ষে ৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি পাবেন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর টিটু বলেন,”আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম তাতে ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। এ ব্যাপারে কথাবার্তা চলছে। আমাদের মাননীয় বোর্ড সভাপতি এ বিষয়ে প্রচুর পরিশ্রম করছেন। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে।”
তবে ৫০ ভাগ দর্শক রাখার অনুমতি পাওয়া না গেলে একেবারে ফাঁকা থাকবে না গ্যালারি।
টিটু বলেন,”সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে এরকম একটা আলোচনা হয়েছে। তারপরও চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কি না। এটা না হলেও চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় ৫-৬ হাজার দর্শক থাকবে।”
