আমাদের ডিকশনারিতে পাণ্ডব নেইঃ নাফিসা কামাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেটের বিগ ফাইভ বলা হয় যাদের তাদের কেউই ছিল না ভিক্টোরিয়ান্সে। তৃতীয়বারের মত বিপিএলের শিরোপা জেতা দলে ছিলেন না দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব খ্যাত ক্রিকেটারদের কেউ। শিরোপা জয়ের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল জানালেন, আগামী মৌসুমেও পঞ্চপাণ্ডব ছাড়াই দল সাজাবেন তারা।

অন্যান্য দল পাখির চোখ করে রাখলেও সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দলে নেয়নি কুমিল্লা। আগামী মৌসুমে এবারের মতই দল সাজানো হবে, নাকি পঞ্চপাণ্ডবের দিকে হাত বাড়ানো হবে- এমন প্রশ্নের জবাবে ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে জানালেন সে উত্তর।

তিনি বলেন,”সেটা তো বলা যায় না এখনই। পাণ্ডব কী? আমাদের ডিকশনারিতে পাণ্ডবই নেই। এখনও পাণ্ডব নিয়ে কথা বলেন আপনারা? আজকের পরও?’

নাফিসা জানান, দেশি কোচ ও ক্রিকেটারদের ক্ষেত্রে নতুনদের দিকে হাত বাড়ানোর চেয়ে দলের পুরনো সদস্যের ওপর আস্থা রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য তিনি।

তার ভাষায়,”আমরা একটা পরিবারের মত। পরিবারের বাইরে সুপারস্টারদের নিয়ে কীভাবে চালাব? আগে আসে পরিবার, সুপারস্টার পরে। সুপারস্টাররা দলের জন্য বোনাস।”

এবার কুমিল্লায় বিদেশি ক্রিকেটারদের তালিকায় ছিলেন বেশ কয়েকজন তারকা। ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইনের মত ক্রিকেটাররাই দলের শক্তি বাড়াবেন, আগে থেকেই ছিল এমন পরিকল্পনা।

নাফিসা জানান,”বিপিএলে আমরা খুব অল্প সময় পাই। এক মাসের মধ্যে একটা পরিবার তৈরি করতে হয়। আমাদের লক্ষ্যই ছিল বিদেশি যারা আসবে ওরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »