মুজিবের চোখে সাকিব একজন কিংবদন্তী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিগত ১৫ বছর ধরে ব্যাট বল হাতে ক্রিকেট বিশ্ব শাসন করে আসছেন সাকিব আল হাসান। এই ১৫ বছরে বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গা টা যেন একদম নিজের করে নিয়েছেন সাকিব। আরেকজন মুজিবুর রহমান বিগত ৫ বছর ধরে বল হতে দাপট দেখাচ্ছেন বিশ্ব জুড়ে।এবারে বিপিএলে দুইজনই খেলছেন ফরচুন বরিশালের হয়ে । সাকিবের বিষয়ে কথা বলতে গিয়ে মুজিব জানান তার চোখে সাকিব একজন কিংবদন্তী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন আফগান ক্রিকেটার মুজিব উর রহমান। দলের অধিনায়ক সাকিব আল হাসানের সাথে বল হাতে তার জুটি হচ্ছে দারুণ কার্যকরী। সাকিব-মুজিবের যৌথ স্পেলে রান বের করতে গলদঘর্ম হতে হচ্ছে ব্যাটারদের। দুইজনের এই জুটি বেশ উপভোগ করছেন এই তরুণ আফগান ক্রিকেটার। রীতিমত সাকিবের প্রশংসায় পঞ্চমুখ মুজিব।

তিনি বলেন, ‘সাকিবকে অবশ্যই পছন্দ করি। সে একজন কিংবদন্তি। বাংলাদেশের স্পিনাররা অনেক ভালো। আমাদের মধ্যে লেগ স্পিনার বেশি, মিস্ট্রি স্পিনার বেশি। তবে বাংলাদেশের স্পিনাররা সত্যিই অনেক ভালো।’

জাতীয় দলের খেলা শেষ করে বাংলাদেশে এসে এখন পর্যন্ত বিপিএলে তিনটি ম্যাচ খেলেছেন মুজিব। প্রতি ম্যাচেই তার বোলিং ছিল নজরকাড়া। সাকিবের সাথে জুটি গড়ে বোলিং করে দলকে এনে দিচ্ছেন সাফল্য।

মুজিব মনে করেন, স্পোর্টিং উইকেটেও বরিশালের বোলাররা ১৪০-১৫০ রানের পুঁজি নিয়েই দলকে জয় এনে দেওয়ার সামর্থ্য রাখেন। তিনি বলেন, ‘আমাদের বোলিং বিভাগ ভালো। তাই আমাদের লক্ষ্য প্রতি ম্যাচে অন্তত ১৪০-১৫০ রান করা। আমি ও সাকিব আছি, মাঝখানের ওভারগুলোতে রানা আছে, ব্রাভো আছে। আমরা ১৪০-১৫০ রান নিয়ে জেতার সামর্থ্য রাখি। তবে ব্যাটিং ইউনিটে এখনও আমাদের সংগ্রাম করতে হচ্ছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »