নাঈমকে অধিনায়ক করে বিদায় নিলেন নিক্সন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে পরিবর্তন এসেছে। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ নাঈম ইসলামকে।

যিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানায়, কোচ পল নিক্সনের চাওয়াতেই নাঈমের কাঁধে নেতৃত্ব ভার তুলে দেয়া হয়েছে। এ ক্ষেত্রে নাঈমের অভিজ্ঞতা গুরুত্ব পেয়েছে।

নিক্সনের ইচ্ছায় এর আগে মিরাজকে অধিনায়ক করা হয়েছিল। মিরাজের ওপর চাপ কমানোর জন্যই নাঈমকে অধিনায়ক করলেন তিনি। তবে নিক্সনের সার্ভিস আর পাবে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কাউন্টির দল লেস্টারশায়ারের হেড কোচ তিনি।

ক্লাবের ডাকে সাড়া দিতে গতকাল বাংলাদেশ ছেড়েছেন এই কোচ। নিক্সনের অনুপস্থিতিতে চ্যালেঞ্জার্সের হেড কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ শন টেইট।

৫১ বছর বয়সী নিক্সন বিদায় বেলায় বলেন, ‘এখানে আসতে দেয়ার জন্য, অনেক মানুষের সঙ্গে মেশার সুযোগ করে দেয়ার জন্য লেস্টারশায়ারকে ধন্যবাদ। আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয় হল, চট্টগ্রাম, চ্যালেঞ্জার্স পরিবারটা ছিল দুর্দান্ত। চমৎকার কিছু খেলোয়াড় রয়েছে এ দলে। কর্মকর্তারাও দারুণ।’

মেহেদী হাসান মিরাজ বলেন, ‘পল নিক্সন খুব ইতিবাচক মানুষ। প্রতিটি খেলোয়াড়কে ইতিবাচকভাবে বুঝিয়ে কিভাবে আরো ভাল খেলানো যায় সে চেষ্টাই করেছেন। একাদশে থাকা খেলোয়াড়দের মতো একাদশের বাইরের সবাইকে সমান মূল্যায়ন করেন এ কোচ। আমরা এ কোচকে মিস করবো।’ কোচের উদ্দেশ্যে

অলরাউন্ডার নাঈম ইসলাম বলেছেন, ‘বিগ হিটিংয়ে আমাদের অনেক সমস্যা রয়েছে। যে প্রক্রিয়ায় আপনি আমাদের বিগ হিটিং শিখিয়েছেন, তা ছিল দারুণ। আরো কিছুদিন থাকতে পারলে আপনার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারতাম।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম বলেন, ‘ইতিবাচক দিক হচ্ছে, শারীরিকভাবে না থেকেও পল নিক্সন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গেই থাকবেন। এ কোচ আমাদের যে পরিকল্পনা দিয়েছেন, সে পরিকল্পনা মাফিকই সবকিছু করতে হবে। দলের সঙ্গে কোচের দায়িত্ব পালন করবেন শট টেইট।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »