নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে সংগ্রহ ৮ উইকেটে ৩০২ রান। জবাবে দাসুন শানাকার শতকের পরও শ্রীলঙ্কা ইনিংস থামে ৯ উইকেটে ২৮০ রানে।
পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরু থেকেই বলের সাথে সমান তালে রান তুলতে থাকেন সফরকারীরা। তারা উদ্বোধনী জুটিতে পান ৫৯ রান। ওপেনার টি কাইটানো ২৮ বলে ২৬ রানে বিদায় নেন। এরপর দলীয় ৯০ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার রেগিস চাকাবভা। তিনি করেন ৫০ বলে ৪৭ রান।
তৃতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন শেন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। উইলিয়ামসকে শিকার করে এই জুটিও ভাঙেন ভ্যান্ডারসে। ৫৬ বলে ৪৮ রান আসে উইলিয়ামসের ব্যাট থেকে। ওয়েসলে মাধিভেরে ১ রান করেই বিদায় নেন। পঞ্চম উইকেটে অধিনায়ক আরভিনের সাথে ৫১ রানের জুটি গড়েন সিকান্দার রাজা। মহিশ থিকশানার বলে বোল্ড হয়ে তিনি থামেন ৯৮ বলে ৯১ রানে।
তারপর সিকান্দার রাজার ব্যাট থেকে আসে দ্রুত অর্ধশতক। তিনি করেন ৪৬ বলে ৫৬ রান। রায়ান বার্ল ১৫ বলে ১৯ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ে ৮ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে।
ব্যাটিং সহায়ক পিচে বড় লক্ষ্য তাড়া করতে নেমেও ৩১ রানেই তিনটি হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। ৬৩ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। পঞ্চম উইকেটে ১১৮ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখেন কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকা। ৮২ বলে ৫৭ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন কামিন্দু। তবে অধিনায়ক শানাকা হাঁকান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। ৯৪ বলে ১০২ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। চামিকা করুনারত্নে করেন ৩৮ বলে ৩৪ রান। তবে তারা বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কার ইনিংস থামে ৯ উইকেটে ২৮০ রানে। ফলে ২২ রানের জয় পায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের পক্ষে টেন্ডাই চাতারা ও ব্লেজিং মুজারাবানি তিনটি করে উইকেট শিকার করেন। শ্রীলঙ্কার পক্ষে ভ্যান্ডারসে তিনটি এবং নুয়ান প্রদীপ দুইটি উইকেট পেয়েছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ৩০২/৮ (৫০ ওভার)
আরভিন ৯১, রাজা ৫৬, উইলিয়ামস ৪৮, চাকাভবা ৪৭;
ভ্যান্ডারসে ৩/৫১, প্রদীপ ২/৭৪।
শ্রীলঙ্কা ২৮০/৯ (৫০ ওভার)
শানাকা ১০২, কামিন্দু ৫৭, চামিকা ৩৪;
চাতারা ৩/৫২, মুজারাবানি ৩/৫৬।
জিম্বাবুয়ে ২২ রানে জয়ী।
