নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাত্র এক ম্যাচ খেলেই ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় স্থান পেলেন নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল। ভারতের বিপক্ষে মুম্বই টেস্টে ইতিহাসের মাত্র তৃতীয় বেলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন এই স্পিনার। এরপর বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে জায়গা হয়নি স্কোয়াডে।
তবে আইসিসি তাকে মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় রেখেছে। এজাজের সঙ্গে রয়েছেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।
গত মাসে হওয়া অ্যাশেজের তিন টেস্টে ১৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে অবদান রাখেন স্টার্ক। গড় ১৯.৬৪। পাশাপাশি ব্যাট হাতে ৫৮.৫০ গড়ে করেন ১১৭ রান।
অন্যদিকে ভারতের মায়াঙ্ক আগারওয়াল নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বই টেস্টের প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে করেন ৬২ রান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টেও আলো ছড়ান আগারওয়াল। প্রথম ইনিংসে হাঁকান ফিফটি। গত মাসে দুই টেস্টে ৬৯ গড়ে তার সংগ্রহ ২৭৬ রান।
উল্লেখ্য, আইসিসি মাসসেরা ক্রিকেটারের পুরস্কার চালু করেছে গত বছর। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিত হন বিজয়ী। ভোটিং একাডেমিতে রয়েছেন প্রবীন সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারবৃন্দ। আর ভক্ত-সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে। তবে এক্ষেত্রে সমর্থকদের ভোট বিবেচনা করা হয় মাত্র ১০ শতাংশ।
