নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল বৃহস্পতিবার চলমান বিগ ব্যাশে করোনার থাবা পড়েছে। যে কারণে স্থগিত হয়ে যায় মেলবোর্ন স্টার্স এবং পার্থ স্কোরসার্চের ম্যাচ। খবর আসে স্টার্সদের কোচিং স্টাফে একজন আক্রান্ত হয়েছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই আরও বড় দুঃসংবাদ শুনতে হল টুর্নামেন্টটিকে।
শুক্রবার সিডনি থান্ডারের ৪ ক্রিকেটার পজিটিভ এসেছেন। এই পরিস্থিতিতে এদিনের অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং থান্ডারের মধ্যকার ম্যাচটিও মাঠে গড়াচ্ছে না। এমনকি অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যম দাবি করছেন, চলমান এই টুর্নামেন্টে ৭দিনের বিরতি দেয়া হতে পারে।
বৃহস্পতিবার বিগ ব্যাশে লিগের জেনেরাল ম্যানেজার অ্যালিস্টার ডবসন স্টার্স-স্কোরসার্চের ম্যাচ নিয়ে বলেন,”আমাদের হাতে আর কোন উপায় ছিল না ম্যাচটি স্থগিত করা ছাড়া। টুর্নামেন্টে জৈব সুরক্ষা বলয় রক্ষায় অনেক নিয়ম-কানুন রয়েছে। মূলত সবাইকে নিরাপদ রাখার জন্যই। প্রতিনিয়ত সবকিছু তদারকি করা হচ্ছে প্রত্যেকটি রাজ্যকে করোনামুক্ত রাখার জন্য। নিরাপত্তাই এখন আমাদের প্রধান এববং প্রাথমিক লক্ষ্য। আমরা স্টার্স কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি কিভাবে তাদের সকলকে দ্রুত মাঠে ফিরিয়ে আনা যায়।”
