নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটের প্রতিটি সিরিজ কিংবা টুর্নামেন্টের মোট আয়ের অর্ধেকের বেশি আসে টিভি স্বত্ব থেকে। এতে করে টুর্নামেন্টগুলো থেকে শতশত কোটি টাকা আয়ের পথ খুঁজে পায় আয়োজকরা। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এক সময় টিভি স্বত্বের বাজারে পিছিয়ে থাকলেও এখন আর নেই। আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির টিভি স্বত্ব বিক্রি হয়েছে ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০৬ কোটির সমান।
ভারতের আইপিএলের পরই বর্তমান বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি সম্প্রচারের স্বত্ব পেয়েছে চ্যানেল এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস। পাকিস্তানি মালিকাধীন দুটি প্রতিষ্ঠানই সরাসরি সম্প্রচারের সুযোগ পাবে এবারের আসরে। পাকিস্তানের দর্শকরা এই দুটি চ্যানেলেই দেখতে পাবেন পিএসএলের সপ্তম আসরের সবগুলো ম্যাচ।
টিভি স্বত্ব বিক্রির পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, গত আসরের চেয়ে ৫০ শতাংশ বেশি মূল্য পাওয়া গেছে এবারের আসরের টিভি স্বত্ব বাবদ। সবশেষ আসরে টিভি স্বত্ব থেকে ৩ কোটি ৬০ লাখ ডলার আয় করলেও সেখানে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এবার শুধু পিএসএলের অঙ্কই ছুঁয়েছে ২ কোটি ৪০ লাখ ডলার।
পিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সালমান নাসির বলেন, ‘টিভি স্বত্বের মূলত এত বৃদ্ধি পাওয়া প্রমাণ করছে মাত্র ৬ বছর আগে শুরু হলেও পিএসএল কত জনপ্রিয় হয়ে উঠেছে।’
