নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দল দ্রুত গুটিয়ে গেলেও ব্যাট হাতে ফিফটির সুবাদে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। অধিনায়ক হিসেবে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি। ছাড়িয়ে গেছেন এতদিন শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে।
২০০৮ সালে এক পঞ্জিকা বর্ষে অধিনায়ক হিসেবে ১ হাজার ৬৫৬ রান করেন স্মিথ। বক্সিং টেস্টে ইংল্যান্ড অধিনায়ক টপকে গেলেন সেই রেকর্ড।
১৫ টেস্টে ২৫ ইনিংস খেলে ১ হাজার ৬৫৬ রান স্মিথের। চলতি বছর ১৫ টেস্ট খেলেই স্মিথের রেকর্ড ভাঙলেন রুট। তার রান ১ হাজার ৭১০।
সব মিলিয়ে ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকা বর্ষে সর্বাধিক রানের রেকর্ডে রুটের সামনে এখনো দু’জন। শীর্ষে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ (১ হাজার ৭৭৮ রান), এরপরই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস (১ হাজার ৭১০)! এই দুজনকে টপকানোও রুটের সময়ের ব্যাপার মাত্র।
