নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডে কোন সংস্করণেই বাংলাদেশের কোন সুখস্মৃতি নেই। টেস্টে পারফরম্যান্স তো যাচ্ছেতাই। নিউজিল্যান্ডে কখনোই দ্বিপাক্ষিক সিরিজের কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে অবস্থা সবচেয়ে বেশি করুণ টেস্টে। এখনও পর্যন্ত ৯ টেস্ট খেলে বড় ব্যবধানে হারতে হয়েছে সবকটিতেই। ইনিংস ব্যবধানের হারই আছে ৫টি। এছাড়া ৯ উইকেটের হার আছে দুই দফায়, ৭ উইকেটের হার একবার, আরেকবার হার ১২১ রানে। তবে এই হারের মালায় খানিকটা সুবাস ছড়ানো ফুল ২০১৭ সালে ওয়েলিংটন টেস্ট। ৫ বছর আগে যে লড়াই এবং শেষ দিনের শেষ সেশন পর্যন্ত ম্যাচ টেনে নিতে পারার স্বস্তিই লাল-সবুজের সবচেয়ে বড় প্রাপ্তি। সেবার প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। উপমহাদেশের বাইরে যা এখনও সর্বোচ্চ দলীয় স্কোর।
৩৫৯ রানের জুটি গড়েন সাকিব আল হাসান (২১৭) ও মুশফিকুর রহিম (১৫৯), এখনও যা জুটির রেকর্ড। এবার আরেকটি সফরের আগে সেই স্মৃতি থেকেই অনুপ্রেরণা খুঁজছে দল।
সেবার প্রথম ইনিংসে লিডও ধরা দেয়। তবে বিপত্তি বাধে দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে ১৫৯ রানের ইনিংস খেলা মুশফিক দ্বিতীয় ইনিংসে চোট নিয়ে মাঠ ছাড়েন। ওপেনার ইমরুল কায়েসও চোট পেয়ে মাঠ ছেড়ে পরে ফেরেন শেষ দিকে। ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৬০ রানে। ম্যাচের বেশির ভাগ জুড়ে ড্রয়ের আশা জাগিয়েও তাই শেষ দিনে বাংলাদেশ হেরে যায় ৭ উইকেটে।
সেই লড়াই থেকে এত বছর পরও আশার প্রদীপ জ্বালাচ্ছেন এবারের সফরের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। গতকাল বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, ওয়েলিংটনকেও এবার ছাড়িয়ে যেতে চান তারা, ‘এর আগে নিউজিল্যান্ডে আমরা ১০টি (আসলে ৯টি) টেস্ট খেলেছি, রেকর্ড যেখানে খুব ভালো নয়। ব্যতিক্রম বলা যায় ২০১৬ সালের (২০১৭ সাল) ওয়েলিংটন টেস্ট। ওই টেস্টে শেষ দিনে চা-বিরতির পর হেরে যাই আমরা। তবে ওই টেস্ট থেকেই আমরা প্রেরণা নিচ্ছি যে, সেবার যদি আমরা ৫৯৫ করতে পারি ৮ উইকেটে, ইনিংস ঘোষণা করেছিলাম, এবার আমরা চাই আরও ভালো কিছু করতে।’
